প্রথম সমাচার ডেস্ক:
শান্তিতে নোবেলবিজয়ী এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২০ নভেম্বর) রাতে এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
ওই বিবৃতিতে জানানো হয়, ওই হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী চলমান ধারাবাহিক সন্ত্রাসবাদী কার্যক্রমেরই স্পষ্ট অংশ। রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে চলমান নাশকতা, অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলার ধারাবাহিকতায় এবার সরাসরি অধ্যাপক ইউনূসের বাসভবনকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
এতে বলা, একটি চিহ্নিত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ।
এনসিপি জানায়, সরকারের প্রতি এনসিপি জোরালো আহ্বান জানাচ্ছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশের সব নাগরিকের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করতে হবে। হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের গোপন ও প্রকাশ্য নাশকতামূলক তৎপরতা কঠোর হস্তে দমন করতে হবে।
এনসিপি দেশের শান্তিপ্রিয় ও মুক্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে যেকোনও মূল্যে এই সন্ত্রাসবাদ ও নৈরাজ্য প্রতিহত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে ওই বিবৃতিতে। বাংলাদেশের মুক্তিকামী জনগণ যেকোনও মূল্যে দেশবিরোধী এই অপতৎপরতা ও সন্ত্রাসবাদী কার্যক্রম রুখে দেবে বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়।
সূত্র: মূল প্রতিবেদন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা