প্রথম সমাচার ডেস্ক:
নেত্রকোনায় নিজের পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি। এ ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও কাউকে গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে নিজের বাবা-মায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে রাফি বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
খান তালাত মাহমুদ রাফি বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোনায় তাদের গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ওই সময় ঘরে ঘুমিয়ে ছিলেন তার বাবা-মা। একটি শপিং ব্যাগে আগুন ধরিয়ে বাড়ির বারান্দায় ফেলে যায় দুর্বৃত্তরা। পেট্রোলের গন্ধ পেয়ে পাশের বাড়ির এক নারী বেরিয়ে এসে আগুন দেখতে পান। তার চিৎকার ও তাৎক্ষণিক তৎপরতায় রাফির বাবা-মায়ের ঘুম ভাঙে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে মাছ ধরার একটি ঠেলা জালের একাংশ পুড়ে যায়। জালের ওপরেই ছিল বিদ্যুতের মিটার।
সূত্র: মূল প্রতিবেদন

‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি