প্রথম সমাচার ডেস্ক:
নড়াইলের কালিয়ায় উপজেলায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ৫০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার পর থেকে উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা এসব বাড়িতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক কৃষ্ঞ ঘোষের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে তার বাড়ির আশপাশের কোনো বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এ বিষয়ে ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে মর্মে তথ্য প্রচার হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
পুলিশ জানায়, পূর্বে ধারণকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে। উক্ত বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। পাশাপাশি উক্ত ঘটনায় কোনো হিন্দু সদস্যের কোনো পরিবারের ওপর হামলা বা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেনি।
মূলত নড়াইল জেলায় গত ১৮ নভেম্বর সন্ধ্যায় কালিয়া থানাধীন বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা করে শাহীন শেখ (৪৫) (কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক), সোহেল মোল্যাকে (৪০) (জাসাস-বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক, কালিয়া উপজেলা) হত্যার ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত আসামি দিশা বিশ্বাস (৩১), রাকিব বিশ্বাসকে (২১) গ্রেফতার করা হয়।
উক্ত হত্যাকাণ্ডের জেরে বিকাল থেকে ভুক্তভোগীদের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন এবং বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের কতিপয় নেতাকর্মীরা আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়। তাৎক্ষণিকভাবে কালিয়া থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি স্বাভাবিক।’
তবে স্থানীয় ভুক্তভোগীদের দাবি, এখন পর্যন্ত অন্তত ৫০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এদিকে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেছেন, এ হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। কে বা কারা করেছে জানি না। আমরা আমাদের দুই নেতাকে হারিয়ে অত্যন্ত শোকাহত।
সূত্র: মূল প্রতিবেদন

‘গণভোটের রায় না মেনে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে সরকার’: পরওয়ার