প্রথম সমাচার ডেস্ক:
আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের দাবি, পাকিস্তান সরকার তাদের শাসনবিরোধী সশস্ত্র আফগান গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে।
সম্প্রতি তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অভিযোগ করেছেন, পাকিস্তান আফগানিস্তানকে অস্থিতিশীল করার একটি ‘প্রকল্প’ হাতে নিয়েছে।
তিনি দাবি করেন, ‘আফগানিস্তানে অর্জিত স্থিতিশীলতা নষ্ট করতে হাজার হাজার সশস্ত্র ব্যক্তি ডুরান্ড লাইন (আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত) বরাবর জড়ো হয়েছে।’
আফগান তালেবান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে কয়েক মাস ধরে চলা সীমান্ত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এসব অভিযোগ উঠেছে।
জুলাই মাসে উত্তর-পূর্ব আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জেবাক জেলায় তালেবান বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় তালেবানবিরোধী গোষ্ঠী আফগানিস্তান ফ্রিডম ফ্রন্ট (এএফএফ)। এমন খবর পাওয়া গেছে। গোষ্ঠীটি জানিয়েছে, অক্টোবর মাসে তারা নুরিস্তান ও কুনার প্রদেশেও হামলা চালিয়েছে।
আরেকটি ‘প্রতিরোধী গোষ্ঠী’ ইউনাইটেড ফ্রন্ট অব আফগানিস্তান দাবি করেছে, পাকিস্তান সীমান্তবর্তী কান্দাহার প্রদেশে তারা তালেবান বাহিনীর ওপর হামলা চালিয়েছে।
সেপ্টেম্বর মাসে ডয়চে ভেলের পশতু-দারি বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, ‘বাদাখশানে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করেছিল, তারা পাকিস্তানের চিত্রাল থেকে এসেছিল এবং পরে আবার চিত্রালে পালিয়ে যায়। তাদের সেখানে আনা হয়েছিল। এমনকি পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যরাও তাদের সঙ্গে ছিল।’
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় দ্রুত এসব অভিযোগকে অপপ্রচার বলে প্রত্যাখ্যান করে।
আফগানিস্তানে তালেবান শাসনের বিরোধী গোষ্ঠীগুলো বলছে, কোনো বিদেশি শক্তির সমর্থন ছাড়াই তারা কাজ করছে এবং তাদের প্রতিরোধ সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে পরিচালিত হচ্ছে।
আফগানিস্তানের সাবেক আইনপ্রণেতা শিনকাই কারোখাইল ডয়চে ভেলেকে বলেন, বাদাখশান ও নুরিস্তান প্রদেশে সংঘর্ষের ঘটনাগুলোর ক্ষেত্রে পাকিস্তানের সমর্থন ছাড়া তালেবানবিরোধী আফগান গোষ্ঠীগুলোর পক্ষে পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে প্রবেশ করা এবং অভিযান চালানো লজিস্টিক দিক থেকে কঠিন হতো। তিনি বলেন, ‘এটি একেবারেই অসম্ভব।’
১৯৯০-এর দশকে তালেবানের প্রথম দফার শাসনামলে তাদের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরও ইসলামাবাদ ইসলামপন্থি এই গোষ্ঠীটির প্রতি সমর্থন প্রত্যাহার করেনি। তবে ইসলামাবাদ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সিনেটর আফ্রাসিয়াব খট্টক মনে করেন, তালেবানবিরোধী গোষ্ঠীগুলোর প্রতি পাকিস্তানের সমর্থনের বিষয়টি ‘বাস্তব’।
তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘তালেবানবিরোধীরা ইসলামাবাদে আসে, বৈঠক করে। এটি আফগানিস্তানের প্রতি পাকিস্তানের নীতিরই একটি অংশ।’
তবে ইসলামাবাদের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক কন্দিল আব্বাস এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন।
তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘পাকিস্তান (তালেবানবিরোধীদের) রাজনৈতিক সমর্থন দিতে পারে, তবে সামরিক সমর্থন নয়।’
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির নিয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের অধ্যাপক আলী আহমদ জালালি বলেন, ‘চাপ সৃষ্টির হাতিয়ার’ হিসেবে ইসলামাবাদ তালেবানবিরোধীদের সমর্থন দিয়ে থাকতে পারে।
জালালি বলেন, ‘আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে যখন এ ধরনের ঘটনা ঘটছে এবং আফগান গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের অতীত ইতিহাস বিবেচনায় নিলে, পাকিস্তান এসব গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে—এমনটা হলে অবাক হওয়ার কিছু নেই।’
তালেবানের বিরুদ্ধে একই ধরনের কৌশল ব্যবহারের অভিযোগ ইসলামাবাদের
পাকিস্তানি কর্মকর্তারা বারবার তালেবানকে পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), যারা পাকিস্তানের বেসামরিক নাগরিক ও সেনাসদস্যদের ওপর হামলার জন্য দায়ী এবং নিষিদ্ধ সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ), যারা পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সক্রিয়।
ইসলামাবাদের অভিযোগ, তালেবানের সমর্থনে এসব গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করছে।
এ সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ইসিও) সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘অর্থবহ অগ্রগতির জন্য আফগান কর্তৃপক্ষকে প্রতিবেশী দেশগুলোর বৈধ নিরাপত্তা উদ্বেগ, বিশেষ করে সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করতে হবে।’
পাকিস্তান সরকার শুক্রবার জানিয়েছে, কাবুলের তালেবান সরকারকে পাকিস্তান স্বীকৃতি না দেওয়ায় ইসিওর এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি।
২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা জালালি বলেন, ইসলামাবাদ তালেবানের কাছে এমন কিছু দাবি করছে, যা পূরণে তারা হয়তো আগ্রহী নয় কিংবা সক্ষমও নয়।
তিনি আরও বলেন, ‘পাকিস্তান চায়, টিটিপির মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে তালেবান সহযোগিতা করুক। কিন্তু টিটিপি দীর্ঘদিন ধরেই আফগান তালেবানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। দুই গোষ্ঠীর মধ্যে আদর্শিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা একই ধরনের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এমনকি আফগান তালেবানের কিছু সদস্য টিটিপির যোদ্ধাদের মধ্যেও থাকতে পারেন।’
বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে তালেবানের সম্পর্ক জোরদারের প্রচেষ্টাও ইসলামাবাদের উদ্বেগের কারণ।
আফগান আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক গবেষক মালেক সিতেজের মতে, কাবুলের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতা পাকিস্তান চায় না। তবে তিনি যোগ করেন, অতীতে আফগানিস্তানের ওপর পাকিস্তানের যে ধরনের প্রভাব ছিল, এখন আর সেই মাত্রার প্রভাব দেশটির নেই।
তালেবানকে ক্ষমতাচ্যুত করতে চায় কি পাকিস্তান?
দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সত্ত্বেও জালালি মনে করেন না, পাকিস্তান আফগানিস্তানে সরকার পরিবর্তন করতে চাইছে।
তিনি জোর দিয়ে বলেন, ‘আমার মনে হয় না, পাকিস্তান তালেবানকে ক্ষমতাচ্যুত করে তাদের জায়গায় অন্য কোনো গোষ্ঠীকে বসাতে পারে কিংবা এমনটা করতে চায়।’ বরং তার মতে, টিটিপির বিরুদ্ধে সহযোগিতা করতে তালেবানের ওপর চাপ সৃষ্টি করাই ইসলামাবাদের লক্ষ্য।
রাজনৈতিক বিশ্লেষক আজিজ বারেজের অভিমত, তালেবানবিরোধী আফগান গোষ্ঠীগুলো ইসলামাবাদকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। তিনি বলেন, পাকিস্তানের কথিত সমর্থনকে এসব গোষ্ঠী স্বাগত জানাতে পারে, তবে তারা এটাও জানে যে এই সমর্থন সাময়িক হতে পারে।
তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘এমনও হতে পারে, পাকিস্তান ও তালেবান আগামীকালই নিজেদের মতপার্থক্য মিটিয়ে আবার ঘনিষ্ঠ মিত্রে পরিণত হবে।’
সূত্র: মূল প্রতিবেদন
