প্রথম সমাচার ডেস্ক:
শুধু প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জন করলেই চলবে না, সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, ‘আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে ‘ও-লেভেল ও এ-লেভেল অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড : গ্র্যান্ড ফ্যালিসিটেশন সিরিমনি ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ মন্তব্য করেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। নানা অপপ্রচার ও প্রপাগান্ডা চালিয়েও ছাত্রশিবিরকে দাবিয়ে রাখা যায়নি। নারী-পুরুষ নির্বিশেষে সব শিক্ষার্থীর কাছে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করে সংগঠনটি এগিয়ে চলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম, সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনী এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি রেজাউল করিম।
সূত্র: মূল প্রতিবেদন

সংঘর্ষের জেরে বেড়ার ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি