রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক তিন এমপি ও এক মেয়রের বাড়িতে হামলা–ভাঙচুর

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য (এমপি) ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আনোয়ার-উল ইসলামের কলাপাড়া পৌর শহরের কামারপট্টি এলাকার বাসভবনে হামলা করা হয়েছে। আনোয়ার-উল ইসলাম ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালে তিনি মারা যান।

এরপর রাত আটটার দিকে কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র এস এম রাকিবুল আহসানের এতিমখানা এলাকার বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায় সংঘবদ্ধ একটি দল। এর প্রায় আধা ঘণ্টা পর আওয়ামী লীগ সরকারের সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিববুর রহমান মুহিবের বাসভবনে হামলা চালানো হয়। এসব ঘটনার পর কলাপাড়া উপজেলা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সভার আয়োজন করেন দলীয় নেতা-কর্মীরা। ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সভা শেষে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপজেলা শহরে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এরপর সাবেক দুই সংসদ সদস্য ও সাবেক পৌর মেয়রের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলা ও ভাঙচুরের বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’

এর আগে গত বৃহস্পতিবার রাতে পটুয়াখালী জেলা শহরের পুরানবাজার এলাকার বাসিন্দা সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুন নেছার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার পুত্রবধূ রোকসানা পারভীন রিপা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সীমানাপ্রাচীরের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তারা বাড়িতে ব্যাপক হামলা ও ভাঙচুর চালান। তবে বাসার ভেতরে প্রবেশ করতে না পেরে তারা চলে যান।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘হামলার খবর পেয়ে সাবেক নারী সংসদ সদস্যের বাসার সামনে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী কেউই কোনো অভিযোগ করেননি। পরে পুলিশ ফিরে আসে।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com