রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

কৃষকের ২০ শতক জমির টমেটো গাছ কেটে দিল দুর্বৃত্তরা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নোয়াখালী সদর উপজেলায় এক কৃষকের ২০ শতক জমির সব টমেটো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার কালাদরপ ইউনিয়নের পশ্চিম চর শুল্লুকিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে ফসল ঘিরে কৃষক মো. মনিরের সব স্বপ্ন ভেঙে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মনির উন্নত জাতের হাইব্রিড টমেটোর বীজ সংগ্রহ করে আগাম চাষ শুরু করেন। দীর্ঘদিন ধরে পরিচর্যা করে গাছগুলো বড় করেন তিনি। প্রতিটি গাছে ফুল আসার পাশাপাশি টমেটো ধরতেও শুরু করেছিল। কিছুদিনের মধ্যে ফল সংগ্রহ করে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তার। তবে শনিবার সন্ধ্যায় জমিতে গিয়ে সব গাছের গোড়া কাটা অবস্থায় দেখতে পান তিনি। এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষক মনির।

কৃষক মনির পশ্চিম চর শুল্লুকিয়া গ্রামের আনন্দ বাজার সয়াবিন উৎপাদনকারী কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য। ঘটনার পর তিনি বিষয়টি সমিতির নেতৃবৃন্দকে জানান। পরে সমিতির সভাপতি মো. বাবুলসহ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত খেত পরিদর্শন করেন।

সমিতির সভাপতি মো. বাবুল বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। মানুষের সঙ্গে মানুষের ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছ বা ফসলের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। যারা এ কাজ করেছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার কর বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একজন কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করেন। তার উৎপাদিত ফসল এভাবে নষ্ট করা হলে কষ্টটা অনেক বেশি হয়।

এদিকে ঘটনাটি সদর উপজেলা কৃষি কার্যালয় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, কৃষিকাজের আয় দিয়েই কৃষক মনিরের সংসার চলে। তার ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। সোনাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে লিখিত জানানোর জন্য বলেছি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com