রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মালেকের বাড়ির সামনে পার্কিং করা বাসে আগুন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কি করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। বিদ্যালয়টি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির পাশেই অবস্থিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি ভূঁইয়া পরিবহনের। এটি রাজধানীর মোহাম্মদপুর থেকে আবদুল্লাহপুর রুটে চলাচল করত। বাসটির মালিক গড়পাড়া ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা আবু মোহাম্মদ জাফর। তিনি অসুস্থ থাকায় তিন-চার দিন আগে বাসটি ঢাকা থেকে এনে বাড়ির সামনে পার্কিং করে রাখেন।

শুক্রবার চিকিৎসার জন্য ঢাকায় যান বাসটির মালিক। এর মধ্যে শনিবার দিবাগত রাতে বাসটিতে আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, পার্কিং করে রাখা বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com