রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

পাকা ধান ঘরে তোলার আগেই বৃষ্টি, আগাম আলু চাষ নিয়ে দুশ্চিন্তা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

মাঠের পাকা আমন ধান ঘরে তোলার আগেই বৃষ্টি এসে বাগড়া দিয়েছে। ফলে কোথাও কাটা ধান ভিজছে, কোথাও কাটা যাচ্ছে না ধান। এদিকে দুশ্চিন্তা বাড়ছে আগাম আলু চাষ নিয়েও। কারণ, ধান কাটা শেষেই সে জমিনে আলু চাষ করার কথা ছিল। একদিকে মাঠের ফসল, অন্যদিকে পরবর্তী আবাদ- দুই নিয়েই অনিশ্চয়তায় পড়েছেন জয়পুরহাটের কৃষকেরা।

জেলার ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামের কৃষক ফরিদ উদ্দিন তিন বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। দেড় বিঘার ধান ঘরে তুলেছেন। বাকি দেড় বিঘা ধান কাটতে শ্রমিক পাঠিয়ে ছিলেন। কিন্তু অসময়ের বৃষ্টিতে সেই ধান এখনো মাঠে পড়ে আছে।

ফরিদ উদ্দিন বলেন, ‘দেড় বিঘা ধান ঘরে তুলেছি। বাকি দেড় বিঘা কাটতে শ্রমিক পাঠিয়ে ছিলাম। শুক্রবার বিকেলের বৃষ্টিতে ধান মাঠেই ভিজছে। এতে ক্ষতির মুখে পড়েছি।’

একই গ্রামের কৃষক আহসান হাবীব ফরহাদের সাত বিঘা জমির আমন ধান এখনো ঘরে তোলা হয়নি। ধান কাটার পর আগাম আলু চাষ শুরু করার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। বীজও কিনে রেখেছেন। জমি প্রস্তুতের কাজ প্রায় শেষ। কিন্তু বৃষ্টিতে ধান কাটতে না পারায় থমকে গেছে পরবর্তী চাষের পরিকল্পনা।

আহসান হাবীব ফরহাদ বলেন, ‘সাত বিঘা জমির ধান এখনো মাঠে পড়ে আছে। আজই ঘরে তোলার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে পারিনি। আগাম আলুর বীজ কিনে রেখেছি, জমিও প্রায় প্রস্তুত। এখন ধান তুলতে না পারায় আলু চাষ নিয়েও দুশ্চিন্তায় আছি।’

জয়পুরহাটে এ বছর ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। পাশাপাশি আলু চাষের লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ৪০০ হেক্টর। দেশের অন্যতম প্রধান আলু উৎপাদনকারী জেলা হওয়ায় আমন ধান কাটার পরপরই আগাম আলু চাষ শুরু করেন অনেক কৃষক। ফলে অসময়ের এই বৃষ্টি শুধু মাঠের পাকা ধানকেই ঝুঁকিতে ফেলেনি, ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি করেছে পরবর্তী ফসলের আবাদও।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুনজু আলম সরকার বলেন, ‘অসময়ের বৃষ্টিতে কৃষকের দুর্ভোগ বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় এখনই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বলা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com