প্রথম সমাচার ডেস্ক:
‘টিকটক’ ও ‘রিলস’ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ ব্যধিতে আসক্ত হয়ে পড়েছে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ। কন্টেন্ট ক্রিয়েটের নামে যে যেভাবে পারছে ভিডিও ধারণ করছে। যা অধিকাংশ ক্ষেত্রেই সমাজে বিরুপ প্রভাব ফেলছে।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। শার্টের বোতাম খুলে উগ্র ভঙ্গিতে ‘কালা ভাই ০.২’ নামে একজন টিকটকার সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে ভিডিও ধারণ করেছেন। এতে ব্যাপক সমালোচনার জন্ম নিয়েছে। টিকটকারের নাম অভি মাহমুদ।
উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ৪ নভেম্বর টিকটক ভিডিওটি ধারণ করা হয়েছে। ওইদিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তিনি কুমিল্লায় প্রশিক্ষণে ছিলেন। উনার যে স্টাফ সেদিন দায়িত্বে ছিলেন তাকে শোকজ করা হয়েছে। ভিডিও ধারণকারীর মুচলেকা নেওয়া হয়। পরে তাকে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি জিডি করেও রাখা হচ্ছে। ভবিষ্যতে যদি এ ধরনের কোনো বিষয় পাওয়া যায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
‘কালা ভাই ০.২’ নামে আইডি থেকে সংগৃহীত ভিডিওটিতে দেখা যায়, বুকের বোতাম খোলা অবস্থায় এক তরুণ চেয়ারে বসা। পরে উগ্র ভঙ্গিতে কথা বলতে বলতে তিনি দাঁড়িয়ে যান। এসময় তাকে বলতে শোনা যায় ‘এই, আপনি কথা বলিয়েন না। আপনি গাছের মধ্যে পেরেক মারেন, এরপর ডিল মেরে রাখেন। আমাদের মতো বন্ধুবান্ধব চুরি করতে পারি না। আমি অফিসিয়ালভাবে আপনার বিরুদ্ধে মামলা করব। আপনি আমাকে চেনেন? এদিকে আসো।’ এরপর আপত্তিকর অঙ্গভঙ্গি করে ভিডিওটি শেষ করেন তিনি। ভিডিওটি পরে ফেসবুকেও ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওটি ফেসুবকে শেয়ার করে আরাফাত আল মাহমুদ লেখেন, ‘ইউএনওর সুদৃষ্টি কামনা করছি ও সমাজসেবা কর্মকর্তার শোকজ চাচ্ছি।’
আকবর হোসাইন সুমন নামে আরেকজন লিখেছেন, ‘এটা কি কমলনগর উপজেলা?’
হাসান হাওলাদার লিখেছেন, ‘কমলনগর উপজেলার সরকারি প্রতিষ্ঠান। সমাজসেবা অফিসারের চেয়ারে বসে টিকটক করার কারণে সমাজসেবা কর্মকর্তাকে ইউএনও মহোদয়ের শোকজ করা উচিত।’
মুচলেকায় ভিডিও ধারণকারী অভি মাহমুদ উল্লেখ করেন, ‘সমাজসেবা স্যার না থাকা অবস্থায় উপজেলা সমাজসেবা অফিসে বিনা অনুমতিতে ঢুকে স্যারের চেয়ারে বসে একটি ভিডিও তৈরি করি। ভিডিও তৈরি করে আমি আমার ফেসবুক ও টিকটক আইডিতে পোস্ট করি। আমি বুঝিনি এতে আমার ও স্যারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। আমি আমার দোষ স্বীকার করে ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের কোনো কাজ করবো না। আমার অভিভাবকের সামনে আবারো ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।’
অন্যদিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী বাবুল হোসেন বলেন, ‘ভিডিওটি এআই কি-না, জানি না। ঘটনার দিন আমাদের ফ্যামিলি কার্ডের কর্মসূচি ছিল। আমরা সেই কাজে ব্যস্ত ছিলাম।’
বক্তব্য জানতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, ভিডিওটি দেখে ওই ছেলেকে ডাকা হয়েছে। তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এছাড়া সমাজসেবা কার্যালয়ে সেদিন যে স্টাফ দায়িত্বে ছিল তাকে শোকজ করা হয়েছে। ওই ছেলেটির বিরুদ্ধে জিডি করে রাখা হচ্ছে।
সূত্র: মূল প্রতিবেদন
