প্রথম সমাচার ডেস্ক:
‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে এবার নতুন টিভি ধারাবাহিক নাটক ‘হাঙামা’র শুটিংয়ের দুইদিন শিডিউল ফাঁসানোর অভিযোগ উঠেছে। নাটকটির নির্মাতা মানসুর আলম নির্ঝরসহ শুটিং ইউনিটের অভিযোগ, তার অনুপস্থিতিতে ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছে পুরো ইউনিট।
রোববার মধ্যরাতে রাজধানীর মিরপুরের পল্লবীতে অভিনেতার বাসার নিচে শুটিং ইউনিটের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্মাতা মানসুর আলম নির্ঝর। তিনি বলেন, ‘গত ২১ নভেম্বর ধারাবাহিক ‘হাঙামা’ শুটিংয়ের শিডিউল দিয়েছিলেন পাভেল। সে অনুযায়ী শুটিংয়ের জন্য সেট প্রস্তুত করা হয়। পাভেলকে শুটিং সেটে নিয়ে যাওয়া জন্য একটি গাড়ি পুরো দিন তার বাসার নিচে অপেক্ষা করেছি। এ ছাড়া শুটিং ইউনিট দিনভর তার অপেক্ষায় ছিল। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি শুটিংয়ে আসতে পারবেন কি না, কিংবা কোনো সমস্যায় পড়েছেন কি না, সেটিও কাউকে জানাননি।’
নির্ঝর আরও জানান, এদিন নাটকটির শুটিংয়ের জন্য পরিচিত বেশ কয়েকজন অভিনয়শিল্পীসহ প্রায় ৬০ জনের একটি ইউনিট পাভেলের জন্য অপেক্ষা করছিল। কোনো উপায় না পেয়ে গভীর রাতে অভিনেতার বাসার নিচে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন তারা।
নির্মাতা বলেন, ‘প্রায় দুই মাসের প্রচেষ্টায় সব অভিনয়শিল্পীর শিডিউল সমন্বয় করে চলতি মাসের ১২ তারিখ থেকে ধারাবাহিকটির শুটিং শুরু করি। এর মধ্যে ১৫ নভেম্বর পাভেলের শিডিউল ছিল। সেদিনও সেট প্রস্তুতসহ অন্য অভিনয়শিল্পীদের নিয়ে সারাদিন অপেক্ষা করেও তাকে পাওয়া যায়নি। এতে ওই দিনের শুটিং বাবদ প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়।’
সবশেষ হুঁশিয়ারি দিয়ে নির্মাতা জানান, পাভেলের এই কর্মকাণ্ডের বিষয়ে ইতোমধ্যে ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকে জানানো হয়েছে। পাশাপাশি বিষয়টি পুলিশকেও অবহিত করা হয়েছে। পাভেল ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জনসম্মুখে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন তিনি।
সূত্র: মূল প্রতিবেদন

আগামী চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী