প্রথম সমাচার ডেস্ক:
বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। এ সময় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নিয়ে মিছিল করেন শ্রমিকরা। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির পর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পাশ দিয়ে মিছিল করতে থাকেন।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার সকালে গাজীপুরের শ্রীপুরে হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধ হয়ে হাতে লাঠিসোঁটা নিয়ে মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এ সময় পাঁচ মিনিটের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যান। একপর্যায়ে আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে।
এ সময় শ্রমিকরা পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজারে অবস্থান নেন। পুলিশ সেখানেও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে ধাওয়া দেয়। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে আনসার রোড হয়ে পশ্চিম দিকে পাঠিয়ে দিলে বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করা হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সূত্র: মূল প্রতিবেদন
