প্রথম সমাচার ডেস্ক:
ভারতের রাজস্থান রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার নারী, তিন পুরুষ ও দুই শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে শম্ভুপুরা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, দ্রুতগতির একটি ফোর্স ক্রুজার গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তারা রাজস্থানের বিখ্যাত খাটু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ গাড়ি চালানোর কারণে চালক ঘুমিয়ে পড়েছিলেন। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।
নিহতদের পরিচয়ও প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন উষা বাই, সুশীলা, কৈলাশ, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী ও মাধবী। নিহতদের মধ্যে দুই ভাই, তাদের স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা রয়েছেন।
দুর্ঘটনায় আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ চিকিৎসক দলও মোতায়েন করেছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শহরের পুলিশ সুপার তেজস্বিনী গৌতম। পুলিশ ও উদ্ধারকর্মীরা বিধ্বস্ত গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরিস্থিতি পরিদর্শনে দুর্ঘটনাস্থল ও হাসপাতালে যান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন।
বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, পরিবারটি খাটু শ্যাম মন্দির দর্শন শেষে মহারাষ্ট্রে ফিরছিল। নিহত ও আহত সবাই একই পরিবারের সদস্য। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার।
এদিকে দুর্ঘটনায় হতাহতদের এক স্বজন জানান, তারা তিনটি গাড়িতে করে মধ্যপ্রদেশের ধার শহরের দিকে ফিরছিলেন। সব মিলিয়ে তিনটি গাড়িতে পরিবারের ৩৬ জন আত্মীয়স্বজন ছিলেন। দুর্ঘটনায় পড়া গাড়িটি অন্য দুটি গাড়ির আগে চলে গিয়েছিল।
ওই স্বজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে পৌঁছে গাড়িটিকে দুমড়েমুচড়ে যাওয়া অবস্থায় দেখতে পান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার রাতে তাদের যাত্রা শুরু হয়েছিল। পথে একটি হোটেলে বিশ্রামও নিয়েছিলেন তারা। তবে দীর্ঘ যাত্রার শেষ পর্যায়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারে।
দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত করছে পুলিশ।
সূত্র: মূল প্রতিবেদন
