প্রথম সমাচার ডেস্ক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দেওয়া আগুনে ভস্মীভূত হয়েছে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি। সেই হামলার সময় প্রাণ বাঁচাতে স্বজনদের নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িটির ভেতর থেকে এখনো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।
স্থানীয় প্রশাসন, প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় পুলিশ এক ব্যক্তিকে আটক করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিল সহকারে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় এবং থানার ভেতরে থাকা পুলিশের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
থানায় হামলার কিছুক্ষণ পরই রাত সাড়ে ৮টা-৯টার দিকে পাটগাতী বাজার এলাকায় অবস্থিত সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে চড়াও হন হামলাকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, একদল যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুর চালাচ্ছেন এবং পেট্রোল ঢেলে বাড়ির বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দিচ্ছেন।
হামলাকারীদের আকস্মিক আক্রমণ ও চারদিকে আগুন ছড়িয়ে পড়লে চরম আতঙ্ক সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পরিস্থিতি বেগতিক দেখে হামলার পরপরই সংসদ সদস্য এস এম জিলানী এবং বাড়িতে অবস্থানরত তার আত্মীয়-স্বজনরা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়ে পালিয়ে যান।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আগুনের তীব্রতায় বাড়িটির আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র ও অবকাঠামো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে আছে পোড়া টিন, কাঠ ও কংক্রিটের ধ্বংসাবশেষ। ঘরের ভেতরের স্তূপীকৃত পোড়া আসবাব ও কাঠের গুঁড়ি থেকে এখনো কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য এস এম জিলানী এশিয়া পোস্টকে বলেন, পরিকল্পিতভাবে আমার পৈতৃক ভিটায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। সে সময় বাড়িতে নারী ও শিশুসহ আমার পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন। হামলাকারীদের তাণ্ডবের মুখে পরিবারের সদস্যদের জীবন বাঁচাতে আমরা কোনোমতে ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাই। আগুনে আমার বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, এখনো সেখান থেকে ধোঁয়া উঠছে। আমি এই বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে সবার বিরুদ্ধে মামলা করব। আমি ৫ আগস্টের পর থেকে এমন কোন কাজ করিনি যার কারণে এভাবে বাড়ি ঘর পুড়িয়ে ফেলবে। কেউ যদি প্রমাণ করতে পারে আমি খারাপ তাহলে রাজনীতি ছেড়ে দিব। আমার বাড়ির পাশাপাশি আমার ভাই বোনেরও বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগ।
হামলা ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম গণমাধ্যমকে জানান, গত মঙ্গলবার রাতে পাটগাতী বাজার এলাকায় এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
কেবল এমপি জিলানীর বাড়িই নয়, সেদিনের সহিংসতায় টুঙ্গিপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৫টি বাড়ি, অন্য সংসদ সদস্যদের বাসভবন, দলীয় কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করায় যান চলাচল ব্যাহত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ জেলায় ৫৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
