প্রথম সমাচার ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে বিদেশি পিস্তল, দেশীয় বন্দুক, ২৫৪টি গুলি, আইইডি তৈরির বিভিন্ন সরঞ্জাম, গানপাউডার ও বিস্ফোরক। এ ঘটনায় দুজনকে আটক করেছে বিজিবি। তবে মোটরসাইকেলে থাকা আরও তিনজন পালিয়ে গেছেন।
শনিবার (২১ নভেম্বর) রাতে টেকনাফের আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন টেকনাফের নতুন পল্লানপাড়ার মোহাম্মদ মেহেদী হাসান (১৯) ও দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মোহাম্মদ ইব্রাহিম (১৮)।
টেকনাফে ব্যাটালিয়ন কার্যালয়ে রোববার (২২ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্র ও বিস্ফোরকের চালানটি টেকনাফ থেকে কক্সবাজারের দিকে নেওয়া হচ্ছিল। তবে চালানটির প্রকৃত উৎস, চূড়ান্ত গন্তব্য এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাজুল ইসলাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শগ্রাম এলাকায় অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পরিবহনের তথ্য পেয়ে পাঁচটি চেকপোস্ট স্থাপন করা হয়। পরে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করেন বিজিবি সদস্যরা। বিজিবি সদর দপ্তরের প্রায় তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মেরিন ড্রাইভসংলগ্ন একটি কাঁচা সড়ক দিয়ে কয়েকটি অটোরিকশা যাওয়ার সময় সেগুলো থামানোর সংকেত দেওয়া হয়। দুটি অটোরিকশার চালকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সামনে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী রয়েছেন।
পরে মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করলে আরোহীরা পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা সতর্কতামূলক গুলি ছোড়েন। মোটরসাইকেলটি পাশের একটি ক্ষেতের বেড়া ভেঙে ভেতরে পড়ে যায়। তবে এর তিন আরোহী পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে দুটি অটোরিকশা, মোটরসাইকেল ও অস্ত্র-বিস্ফোরক জব্দ করা হয় বলে জানান তিনি।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক এবং ৯.৯৬ মিলিমিটার ক্যালিবারের ২৫৪টি গুলি। এ ছাড়া আইইডি তৈরির ১০৩টি স্টিলের ধাতব বস্তু, বৈদ্যুতিক তারের আটটি কয়েল, ২৪টি স্কচটেপ ও ৫৪টি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা অন্যান্য মালামালের মধ্যে রয়েছে ৩ কেজি ৭০৯ গ্রাম গানপাউডার, ১ কেজি ৮৫২ গ্রাম মোটা দানার বিস্ফোরক, ২ কেজি ৭০৮ গ্রাম মাঝারি দানার বিস্ফোরক, ৭০৫ গ্রাম মিহি দানার বিস্ফোরক, ১২ কেজি স্টিলের ছোট বল, ৩ কেজি পেডেক ও একটি উন্নতমানের টুলবক্স।
বিজিবি অধিনায়ক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালানটি টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। হাবিরছড়ায় এটি পরিবহনের একটি ধাপ হতে পারে। তবে এর চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা নির্দিষ্ট সংগঠনের কাছে নেওয়া হচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।
বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ দল কাজ করছে। এ ঘটনায় পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তদন্ত চলছে। উদ্ধার করা বিদেশি পিস্তলটি কোন দেশের বা কোন প্রতিষ্ঠানের তৈরি, তা-ও এখনো শনাক্ত করা যায়নি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও জব্দ করা যানবাহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
সূত্র: মূল প্রতিবেদন
