প্রথম সমাচার ডেস্ক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত ছয় দিনে সংবাদ সম্মেলন, ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে তাঁরা দলীয় পদ ও রাজনীতি ছাড়ার কথা জানান।
গত ১৭ থেকে ২২ নভেম্বরের মধ্যে এসব পদত্যাগের ঘোষণা আসে। পদত্যাগের কারণ হিসেবে অধিকাংশই ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। কেউ কেউ দাবি করেছেন, তাঁদের না জানিয়েই দলীয় পদ দেওয়া হয়েছিল। আবার একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পদত্যাগের ঘোষণা দেওয়া ১৬ জনের মধ্যে দুজন ছাড়া বাকি ১৪ জন এসব ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেন।
সর্বশেষ রোববার (২২ নভেম্বর) সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নরেশ বিশ্বাস (৩২)। লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর বিভিন্ন পরিস্থিতিতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন। তবে ডুমুরিয়া ইউনিয়নে বিএনপির বর্তমান কার্যক্রম ও কর্মকাণ্ড তাঁর পছন্দ না হওয়ায় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি শারীরিক অসুস্থতা ও পারিবারিক জটিলতার কথাও উল্লেখ করেন তিনি।
এর আগে ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির।
১৮ থেকে ২১ নভেম্বরের মধ্যে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও মো. বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, একই ইউনিয়নের ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।
এ ছাড়া, বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন গণঅধিকার পরিষদের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি।
অন্যদিকে, ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন এনসিপির টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ।
নাম প্রকাশ না করার শর্তে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের এক দায়িত্বশীল নেতা জানান, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফেসবুকে পদত্যাগের বিষয়ে একটি পোস্ট দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি। দু-একজন পদত্যাগ করলেও এতে দলের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে জানতে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: মূল প্রতিবেদন

২০১৫ সালে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার করলেন যুবদল নেতা নয়ন