প্রথম সমাচার ডেস্ক:
বিদেশে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবি ও মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, একটি চক্র দেশে নতুন করে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের ষড়যন্ত্র সফল হবে না।
রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান রচিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।
রিজভী বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত ব্যক্তিরা এআই প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অসত্য প্রচারণা চালাচ্ছেন। অতীতে ইতিহাস ও তথ্য বিকৃত করে একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যে চেষ্টা হয়েছিল, এখনো একই কায়দায় ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, তাঁর সঙ্গে কারাবাস করা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জে কয়েকজনকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। এসব ঘটনার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, অতীতে গড়ে ওঠা গুমের প্রবণতা এখনো পুরোপুরি বন্ধ হয়নি।
তবে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, নানা ঘটনার পরও সরকার শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে।
আগের শাসনামলের সঙ্গে তুলনা করে রিজভী বলেন, অতীতে এ ধরনের ঘটনায় ক্রসফায়ার কিংবা রক্তপাতের ঘটনা ঘটত। কিন্তু বর্তমান সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনে আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বক্তব্যে অতীতের রাজনৈতিক নিপীড়নের কয়েকটি ঘটনাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল। এ ছাড়া প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধেও পাঁচটি মামলা করা হয়েছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।
গ্রন্থটির ওপর আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।
সূত্র: মূল প্রতিবেদন

২০১৫ সালে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার করলেন যুবদল নেতা নয়ন