রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

খুলনায় নতুন আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফের কালি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখে ফের কালি লেপে দেওয়া হয়েছে। এর আগে একই প্রতিকৃতিতে কালি লাগানোর পর নতুন করে আঁকা হয়েছিল।

সেই ঘটনার ১৬ দিনের মাথায় আবারও প্রতিকৃতিটি বিকৃত করা হয়েছে।

রবিবার সকালে স্থানীয় লোকজনের নজরে আসে বিষয়টি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

সরেজমিন দেখা যায়, যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে জুলাই গণ–অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প, সুন্দরবনের গ্রাফিতির পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়সহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা আছে।

এর মধ্যে এস এম সুলতান ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির মাঝখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল কালিতে ঢেকে দেওয়া হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, সম্ভবত গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। আজ দুপুর ১২টার দিকে বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

আগেরবার প্রতিকৃতিতে কালি লাগানোর ঘটনায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ নিজেদের মতো করে বিষয়টি খতিয়ে দেখেছে। আগের ঘটনার সঙ্গে এবারের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ৬ নভেম্বর রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখে কালি লাগানো এবং পাশে দুটি পোস্টার দেখতে পান স্থানীয় লোকজন। পোস্টার দুটিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনাম ছিল।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com