রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

প্রতিবেশিরা আগুন না নেভালে অনেক বড় কিছু হয়ে যেত: সাদিক কায়েমের বাবা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গভীর রাতে বিকট শব্দে ঘুম ভাঙে মো. আবুল কাশেমের। ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেও ধোঁয়ার কারণে বের হতে পারছিলেন না। বাড়ির দরজা ও পেছনের গলিতে তখনো জ্বলছিল আগুন। পরে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভান। তাদের সহযোগিতা না পেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাবা।

রবিবার (২২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকায় নিজের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন আবুল কাশেম।

তিনি বলেন, ঘটনার সময় বাড়িতে তিনি ও তার স্ত্রী ছিলেন। তাদের সন্তানদের সবাই ঢাকা ও চট্টগ্রামে থাকেন। গভীর রাতে কেউ বাড়িতে আগুন দিতে আসবে, তা তিনি কল্পনাও করেননি। প্রতিবেশীরা এসে আগুন নিভিয়েছেন। তারা না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত। তাদের কারণেই হয়তো প্রাণে বেঁচে গেছেন।

আবুল কাশেমের প্রতিবেশী আবু তাসিব ও মো. জয়নাল জানান, রাতে বিকট শব্দ ও চিৎকার শুনে তারা ঘর থেকে বের হন। বাইরে এসে সাদিক কায়েমের বাড়িতে আগুন জ্বলতে দেখেন। পরে কয়েকজন মিলে বালতিতে পানি এনে আগুন নেভান। এতে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। রোববার সকালে ঘটনাস্থলে বাড়ির সামনের অংশ ও পেছনের গলিতে কেরোসিনের গন্ধ পাওয়া যায়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আবুল কাশেমের সাথে কথা বলেন।

এদিকে সকালে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার বাড়িতে হামলার চেষ্টা করেছে। বাড়ির চারপাশে পেট্রলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। পুরো বাড়িতে আগুন দেওয়াই হামলাকারীদের উদ্দেশ্য ছিল বলে দাবি করেন তিনি।

সাদিক কায়েম আরও অভিযোগ করেন, জুলাইপন্থী ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগের লোকজন আবারও রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। পেট্রলবোমা ও অগ্নিসন্ত্রাস চালিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

অগ্নিসংযোগের চেষ্টার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন সাদিক কায়েম। তার দাবি, হামলাকারীরাই ভিডিওটি ধারণ করেছেন। এতে মুখোশ পরা এক যুবককে বাড়ির চারপাশের দেয়ালে কেরোসিন ছিটাতে এবং পরে ঘরের ফটকে আগুন দিতে দেখা যায়। ওই যুবকের সাথে আরও কয়েকজন ছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com