রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

মানিকগঞ্জের সাটুরিয়ায় সার না পেয়ে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর ওই ব্যক্তি পালিয়ে যাওয়ায় তার পরিচয় জানা যায়নি।

রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্সের সার বিক্রির দোকানে এ ঘটনা ঘটে।

লাঞ্ছিত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। তিনি দরগ্রাম ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই দোকানে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হচ্ছিল। বরাদ্দের তুলনায় কৃষকের সংখ্যা বেশি হওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে সার পাননি। একপর্যায়ে মজুত শেষ হলে আরিফুল ইসলাম সার না থাকার কথা জানান। এতে ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি তাকে থাপ্পড় মারেন বলে অভিযোগ ওঠে। পরে ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যান।

আরিফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই তিনি উপজেলা কৃষি কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম। তারা পরিস্থিতি শান্ত করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা-পুলিশকে জানানো হয়েছে। কৃষকদের বাড়তি চাহিদা মেটাতে অতিরিক্ত সার বরাদ্দ চেয়ে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি আগামী মাসের সার অগ্রিম উত্তোলনের বিষয়েও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জের উপপরিচালককে জানানো হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এশিয়া পোস্টকে বলেন, ঘটনাটি মৌখিকভাবে জেনেছেন। এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com