রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

কুমিল্লায় মহাসড়কে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের একদল নেতাকর্মী। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মিছিলটি বের করা হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাবেক ছাত্রনেতা ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোখলেছুর রহমানের অনুসারীরা মহাসড়কে জড়ো হয়ে মিছিল করছেন। আকস্মিক এ মিছিলের কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার চেষ্টার অভিযোগে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিও ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। ফুটেজ পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া অন্য ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com