সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

বিস্ফোরক মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, থানা ফটকে এনসিপি-বিএনপি সংঘর্ষ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী সায়েব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, সায়েব আলী জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি।

তার গ্রেপ্তারের ঘটনায় এনসিপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ঘটনার পরপরই রাতেই তারা আখাউড়া থানার ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং সায়েব আলীর মুক্তি দাবি করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা ও ধাওয়ার অভিযোগ ওঠে।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো. আতাউল্লাহ জানান, সায়েব আলী আওয়ামী লীগের নেতা নন, এমনকি দলটির কোনো পদেও নেই। তাঁর অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির লোকজন প্রতিহিংসাবশত এ ঘটনা ঘটিয়েছে।

আতাউল্লাহ আরও জানান, ঘটনার পর এনসিপির আখাউড়া উপজেলা আহ্বায়ক, সদস্য সচিবসহ নেতাকর্মীরা থানার ফটকে অবস্থান নেন। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলাকালে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু বলেন, এনসিপির পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের যে অভিযোগ করা হচ্ছে, তা মিথ্যা। বিস্ফোরক মামলায় একজনকে গ্রেপ্তারের পর এনসিপির নেতাকর্মীরা থানার ফটকে অস্থিরতা সৃষ্টি করছিলেন। এ নিয়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। তখন কয়েকজন বিএনপি নেতাকর্মী তাঁদের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেন।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ২০২৪ সালে দায়ের করা জুলাই আন্দোলনসংক্রান্ত বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানার ফটকে আসেন। সেখানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁদের কিছু সমস্যা হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com