সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ঘন কুয়াশার কারণে টানা আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ভোর ৫ টা ৪০ মিনিটের দিকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রোববার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

এ সময় দৌলতদিয়া প্রান্তে যানবাহনসহ চারটি ফেরি আটকে পড়ে।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটেই নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা। এতে ভোগান্তিতে পড়েন জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রী,পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সোমবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com