প্রথম সমাচার ডেস্ক:
দক্ষিণ সুদানে বিরোধী সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতটি শিশু ও ছয়জন নারী রয়েছেন। শনিবার রাত থেকে রোববার (২১-২২ নভেম্বর) সকালের মধ্যে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়ারাপ রাজ্যের টনজ ইস্ট কাউন্টির বল বল বোমা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
রোববার (২২ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেন টনজ ইস্ট কাউন্টির ভারপ্রাপ্ত কমিশনার মাচুয়েই বিথ। তিনি জানান, হামলাকারীরা পার্শ্ববর্তী ইউনিটি স্টেট থেকে এসেছিল এবং তারা সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের অনুগত এসপিএলএ-আইও বাহিনীর সদস্য।
বিথ জানান, হামলায় পশুপালকসহ ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর আগে নিহতের সংখ্যা ১৫ বলে জানানো হয়েছিল। পরে নতুন করে হতাহতের তথ্য পাওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে। হামলায় এসপিএলএ-আইও বাহিনীর ইউনিফর্ম পরা চারজন সশস্ত্র হামলাকারীও নিহত হয়েছেন বলে এর আগে জানিয়েছিলেন তিনি। স্থানীয় পুলিশের একজন কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।
হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। ঘটনাস্থলের পরিস্থিতি পর্যালোচনা ও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সেখানে একটি দল পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যে সাম্প্রতিক সময়ে সহিংসতার ঘটনা বেড়েছে। গত সপ্তাহে রাজ্যের দুটি জেলার বাসিন্দাদের মধ্যে মাকুয়াচ শহরের একটি বাজারে সংঘর্ষ হয়। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় ১৭ জন নিহত এবং ২৩ জন আহত হন।
এর আগের মাসে ওয়ারাপ ও ইউনিটি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় আন্তঃসম্প্রদায়গত সংঘাতে অন্তত ৭২ জন নিহত হন।
এ অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড, গবাদিপশু লুট এবং ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ চলে আসছে। অবৈধ ও সহজলভ্য আগ্নেয়াস্ত্রের বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা অর্জন করে বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দক্ষিণ সুদান। তবে স্বাধীনতার মাত্র দুই বছর পর, ২০১৩ সালে দেশটিতে প্রেসিডেন্ট সালভা কির ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের অনুগত বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়।
২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলা ওই যুদ্ধে চার লাখের বেশি মানুষ নিহত হন। পরে শান্তিচুক্তির মাধ্যমে সংঘাতের অবসান ঘটানোর উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক বিরোধ ও সশস্ত্র সংঘর্ষ পুরোপুরি বন্ধ হয়নি।
সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচার ২০২৫ সালের মার্চ থেকে গৃহবন্দি রয়েছেন। তার অনুগত বাহিনী ও প্রেসিডেন্ট সালভা কিরের সমর্থক বাহিনীর মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে সংঘর্ষ আরও তীব্র হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

ইরানে দ্রুত হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু