প্রথম সমাচার ডেস্ক:
ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও সংলগ্ন সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের সীমান্ত জনপদে শান্তি শৃঙ্খলা রক্ষা ও দেশকে অপরাধীদের থেকে রক্ষা করতে বিজিবির এ প্রয়াস।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, ফেনীর বিলোনীয়া চেকপোষ্ট দিয়ে ভারত থেকে আমদানি কম হলেও উল্লেখযোগ্য পরিমাণ পণ্য রপ্তানি হয়। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে সিমেন্ট, ট্রাক্টরের বিভিন্ন পার্টস ও বিভিন্ন কৃষি পণ্য। সেখানে ফেনী বিজিবির এক প্লাটুন সদস্য ডগ স্কোয়াডসহ নিয়মিত তদারকি কার্যক্রম করে থাকে। উক্ত চেকপোষ্ট দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, নাশকতাকারীদের দেশে ফেরা এবং পুশ-ইন ঠেকাতে বিলোনিয়া চেকপোস্ট ও আশপাশের সীমান্ত ফাঁড়িগুলোতে (বিওপি) নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তারই অংশ হিসেবে পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকারী প্রতিটি যাত্রীর পাসপোর্ট, ভিসা ও পরিচয়পত্র অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো সন্দেহভাজন বা পলাতক আসামি যেন বৈধ পথের আড়ালে কিংবা ছদ্মবেশে দেশে ঢুকতে না পারে, সেজন্য ইমিগ্রেশন পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। চেকপোস্টের আশপাশের অরক্ষিত বা দুর্গম সীমান্ত পয়েন্টগুলোতে দিনরাত ২৪ ঘণ্টা টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে অবৈধ পারাপারকারী চক্রের ওপর নজর রাখা হচ্ছে।
এ নিয়ে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে গতকাল রোববার (২২ নভেম্বর) বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ফেনীর পরশুরামস্থ বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক অপরাধী বা যেকোনো ব্যক্তির অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এক্ষেত্রে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকেও সতর্ক থাকার এবং সন্দেহজনক কারও আনাগোনা দেখলে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

ডিসেম্বর ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি, রাতে সার্চলাইটে টহল