প্রথম সমাচার ডেস্ক:
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি, আটটি ম্যাগাজিন, নগদ টাকা ও ৮ কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB-৫)। এসব অভিযানে চারজনকে আটক করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ নভেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় SRB-৫-এর সদস্যরা। এ সময় দুটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, আটটি ম্যাগাজিন এবং নগদ ১ লাখ ৮০ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, একই রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ব্যাটালিয়নটি। এ সময় মাদক কারবারের অভিযোগে মনোয়ারা বেগম ও শাহাদাত হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা বলে জানিয়েছে SRB-৫।
উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন, নগদ টাকা ও হেরোইনসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এমআই/বার্তা বাজার
সূত্র: মূল প্রতিবেদন

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীর সহায়তা চাইলেন ড. ইউনূস