সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ট্রাভেল এজেন্সির মালিকের কারাদণ্ড

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এইচ এম জসিম উদ্দিন চাঁদ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার প্রতিষ্ঠান থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের ৮৭ নম্বর ঠিকানায় অবস্থিত ‘পল্টন টাওয়ার’-এ এই অভিযান চালানো হয়। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিএমইটি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, দণ্ডপ্রাপ্ত এইচ এম জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও এর কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি। এ ছাড়া তিনি ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানাভাবে প্রতারণা করে আসছিলেন।

অভিবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতারণা রোধে মন্ত্রণালয়ের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাদের প্রতি মন্ত্রণালয়ের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। আমাদের লক্ষ্য নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা। নিরীহ মানুষদের সর্বস্বান্ত করে যাঁরা অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিদেশগামী কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে নিতে হবে। কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার আহ্বান জানান তিনি।

বিএমইটি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারক চক্র নির্মূলে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com