প্রথম সমাচার ডেস্ক:
দীর্ঘ ১৭ মাসের যাত্রা শেষের পথে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। সিরিজটির শেষ ছয়টি পর্ব মুক্তির অপেক্ষায়। তার আগে পুরো টিমকে নিয়ে বিশেষ এক আয়োজন করেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। সেখানে অভিনয়শিল্পীদের পাশাপাশি সম্মাননা জানানো হয়েছে ক্যামেরার পেছনে থাকা কলাকুশলীদেরও।
গত ২২ নভেম্বর রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয় ‘বিপি৫ গ্র্যান্ড ফিনালে’ উপলক্ষে আয়োজিত বিশেষ ট্রিবিউট নাইট। ভালোবাসা, স্মৃতিচারণা ও কৃতজ্ঞতায় সাজানো এই আয়োজনে উপস্থিত ছিলেন সিরিজটির পরিচালক কাজল আরেফিন অমি, অভিনয়শিল্পী এবং বিভিন্ন বিভাগে কাজ করা কলাকুশলীরা।
একটি সিরিজের সাফল্যের পেছনে শুধু পর্দার সামনের অভিনয়শিল্পীদের অবদান থাকে না। নির্মাণের প্রতিটি পর্যায়ে যুক্ত থাকেন অসংখ্য মানুষ। তাদের সেই পরিশ্রমের স্বীকৃতি দিতেই আয়োজনের মূল পর্বে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর কাস্ট ও ব্যাকস্টেজ ক্রুদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট ও অ্যাওয়ার্ড।
অনুষ্ঠানে সিরিজটির নির্মাণের নানা অভিজ্ঞতা নিয়েও কথা বলেন পরিচালক ও অভিনয়শিল্পীরা। প্যানেল আলোচনায় উঠে আসে শুটিংয়ের মজার ঘটনা, কাজের নানা চ্যালেঞ্জ এবং দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে গিয়ে তৈরি হওয়া সম্পর্কের গল্প।
আয়োজনের আরেকটি আকর্ষণ ছিল সিরিজটির সিজন পাস হোল্ডারদের জন্য বিশেষ পর্ব। তাদের নিয়ে আয়োজন করা হয় এক্সক্লুসিভ র্যাফেল ড্র। এর মাধ্যমে ভক্তদের প্রিয় অভিনয়শিল্পীদের সঙ্গে সরাসরি দেখা করা, হাত মেলানো ও কথা বলার সুযোগ তৈরি হয়। র্যাফেল ড্রয়ে বিজয়ীদের জন্য ছিল তারকাদের পক্ষ থেকে বিশেষ উপহারও।
অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, অভিনয়শিল্পীরা যেমন নিজেদের সবটুকু দিয়ে চরিত্রগুলোকে জীবন্ত করেছেন, তেমনি ক্যামেরা, লাইট, সাউন্ড ও মেকআপসহ বিভিন্ন বিভাগের কর্মীদের নিরলস পরিশ্রমেই তৈরি হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। দর্শক সাধারণত পর্দার সামনের মানুষদের চেনেন, কিন্তু নেপথ্যের কারিগররা আড়ালেই থেকে যান। পুরো টিমকে একসঙ্গে সম্মান জানানোর উদ্যোগকে নিজের জীবনের অন্যতম সেরা মুহূর্ত বলে উল্লেখ করেন তিনি।
বঙ্গের ডিরেক্টর ও সিরিজটির প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু বলেন, সিজন ৫-এর বিদায়কে তারা কেবল পর্দায় সিরিজের সমাপ্তি হিসেবে দেখতে চাননি। বরং যাদের শ্রম ও অংশগ্রহণে এই সাফল্য এসেছে, তাদের যথাযথ সম্মান জানিয়ে মুহূর্তটি উদ্যাপন করতে চেয়েছেন। পাশাপাশি সিজন পাস হোল্ডার ও আগাম টিকিট বুক করা দর্শকদের মধ্য থেকে বিজয়ীদের এই আয়োজনের অংশ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে অ্যালেন স্বপন চরিত্রের মাধ্যমে দর্শকের নজর কাড়ার পর ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ নির্মাণ করেন কাজল আরেফিন অমি। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়েই দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক দর্শকের সঙ্গে তৈরি হয়েছে তার আলাদা এক সংযোগ। সিরিজটির পঞ্চম সিজনও সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রেখেছে।
শেষ ছয়টি পর্ব মুক্তির মধ্য দিয়ে শেষ হবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর যাত্রা। তার আগে আয়োজিত এই সন্ধ্যায় শুধু একটি সিরিজের সাফল্য উদ্যাপন নয়, বরং এর সঙ্গে যুক্ত মানুষগুলোর অবদানকেও সামনে নিয়ে এসেছে বঙ্গের আয়োজন।
সূত্র: মূল প্রতিবেদন

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্দী আমিন