প্রথম সমাচার ডেস্ক:
ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক যাত্রী। তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ছিনতাইকারীদের বিরুদ্ধে। এতে ঘটনাস্থলেই ওই যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকা থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উচ্চপ্রযুক্তি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মোনারুল ইসলাম। তিনি পাবনার টেবুনিয়া এলাকার ঘরনাপাড়া গ্রামের নওশেরের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের লিজা খাতুন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুর রহিম, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মরশেদ আলী এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার হৃদয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোনারুল ইসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে রাজশাহীর উদ্দেশে রওনা হন। ট্রেনটি কালিয়াকৈরের উচ্চপ্রযুক্তি পার্ক এলাকায় পৌঁছালে ছাদে থাকা কয়েকজন ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মোনারুলের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে মঙ্গলবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় চারজনকে আটক করে রেলওয়ে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা ট্রেনে ছিনতাই ও যাত্রীকে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল বিন আহসান বলেন, ঘটনাটি ঢাকা রেলওয়ে জেলা তদন্ত করছে। এ বিষয়ে তাঁরা সহযোগিতা করছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা রেলওয়ে জেলা ঘটনাটি তদন্ত করছে।
সূত্র: মূল প্রতিবেদন
