বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

জামায়াত আমিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন সাদিক কায়েম

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ছাত্র সংসদ প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়ার অনুপ্রেরণামূলক উদ্যোগ নেওয়ায় জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ধন্যবাদ জানান।

সাদিক কায়েম বলেন, আগামী শুক্রবার (২৭ নভেম্বর) জামায়াত আমিরের উদ্যোগে পাঁচটি ক্যাম্পাস-ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’।

ডাকসু ভিপি জানান, অনুষ্ঠানটি দেশের পাঁচটি ক্যাম্পাসের নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের এক মিলনমেলায় পরিণত হবে। ছাত্র সংসদে দায়িত্ব পালন করতে গিয়ে তারা যে অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও বাস্তবজ্ঞান অর্জন করেছেন, তা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘তারুণ্যকে যথাযথ স্বীকৃতি দেওয়া, তাদের নেতৃত্বের বিকাশে উৎসাহিত করা এবং আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের সম্ভাবনাকে মূল্যায়ন করার এমন সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক উদ্যোগ নেওয়ার জন্য আমিরে জামায়াতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com