প্রথম সমাচার ডেস্ক:
কুড়িগ্রামের যোগাযোগবিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নৌ অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। এখন থেকে চরে কোনো রোগী অসুস্থ হলে স্বজনেরা মুঠোফোনে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সটি ডাকতে পারবেন। এটি রোগীকে নদীপথে হাসপাতালগামী সড়কের ঘাটে পৌঁছে দেবে। সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া যাবে। নৌ অ্যাম্বুলেন্সটি সচল রাখার আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে নৌ অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন সংসদ সদস্য। তার নিজস্ব অর্থায়নে এটি তৈরি করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ঘাটে বাঁধা রয়েছে বিশেষভাবে তৈরি একটি রঙিন নৌকা। ভেতরে রোগীর শোয়ার ব্যবস্থা রয়েছে। রয়েছে অক্সিজেনের ব্যবস্থাও। রোগীর স্বজনদের বসার জায়গাও রাখা হয়েছে। শুধু রোগী পরিবহনের জন্য তৈরি করা হয়েছে বলে এর নাম দেওয়া হয়েছে নৌ অ্যাম্বুলেন্স।
ব্রহ্মপুত্র ও দুধকুমার নদবেষ্টিত যাত্রাপুর ইউনিয়নে নদীবিচ্ছিন্ন চর রয়েছে ২০টির বেশি। এসব চরে কোনো মানুষ অসুস্থ হলে, বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে স্বজনদের নানা ভোগান্তিতে পড়তে হয়। সময়মতো নৌযান না পাওয়ায় রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
সদরের যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের বাসিন্দা এরশাদুল হক বলেন, চরে কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা নেই। ভাড়া নৌকায় রোগী নিতে অনেক সময় ও টাকা খরচ হয়। নৌ অ্যাম্বুলেন্স চালু হওয়ায় এখন শুধু তেল ও চালকের খরচ দিয়ে দ্রুত রোগী হাসপাতালে নেওয়া যাবে। তবে এটি যেন বন্ধ না হয়, সে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
যাত্রাপুরের মাঝিয়ালীর চরের বাসিন্দা মতিন আলী জানান, যাত্রাপুর ঘাট থেকে তাদের চরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। নৌকায় আসতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। নৌ অ্যাম্বুলেন্সটি সাধারণ নৌকার চেয়ে দ্রুত চলতে পারবে। ফলে গুরুতর অসুস্থ রোগী ও অন্তঃসত্ত্বা নারীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে।
সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহযোগিতার অংশ হিসেবে নৌ অ্যাম্বুলেন্সটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তার তত্ত্বাবধানে একটি কমিটির মাধ্যমে এটি পরিচালিত হবে। রোগীর স্বজনদের শুধু তেলের খরচ ও চালকের মজুরি দিতে হবে। ভবিষ্যতে যাতে এ সেবা বন্ধ না হয়, সে ব্যবস্থাও নেওয়া হবে।
জেলায় ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারসহ ১৬টি নদ-নদী রয়েছে। সাড়ে চার শতাধিক চরাঞ্চলের মধ্যে যাত্রাপুর ইউনিয়নের ২০টির বেশি চর ও আশপাশের চরগুলোর বাসিন্দারা নৌ অ্যাম্বুলেন্সটির সুবিধা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্যসচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেলের প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মাওলানা দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্যসচিব মেরিনা পারভীন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর ও জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার সফিক মোল্লা উপস্থিত ছিলেন।
সূত্র: মূল প্রতিবেদন

গাজীপুর-১ আসনে এক টাকাও বাড়িভাড়া বাড়ানো যাবে না: এমপি মজিবুর