শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে এক পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তার নাম মো. সেলিম মিয়া। তিনি ময়মনসিংহ নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, এসময় পরিদর্শক সেলিম মিয়ার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পুলিশ সুপার।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, অভ্যন্তরীণ একটি গোয়েন্দা প্রতিবেদনে গোপালগঞ্জের ঘটনায় প্রত্যাহার হওয়া ওই পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে।

এ কারণে তাকে প্রত্যাহার করে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

এর আগে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো ধারাবাহিক সহিংস হামলায় গোপালগঞ্জের তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড় দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। যানবাহন ও সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগের শিকার হয়েছে। এতে কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতালও।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com