প্রথম সমাচার ডেস্ক:
মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার বা জুমার দিন। এটি আল্লাহর কাছে সর্বোত্তম দিন। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘জুমার দিন দিবসগুলোর মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১০৮৪)
শুক্রবারের প্রধান আমল জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। কেনাবেচা ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা জানতে!’ (সুরা জুমা, আয়াত: ৯)
ফজিলতপূর্ণ এ দিনে হজরত মুহাম্মদ (সা.) বেশ কিছু আমল করতেন। সাহাবিদেরও সেসব আমল করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, গোসল করা, উত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, দ্রুত মসজিদে যাওয়া, মনোযোগের সঙ্গে খুতবা শোনা, গুরুত্বের সঙ্গে জুমার নামাজ আদায় করা, দোয়া করা এবং বেশি বেশি দরুদ পড়া ইত্যাদি।
জুমার দিনের বিশেষ পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে। এ দিন আল্লাহ তাআলা আদম (আ.) সৃষ্টি করেছেন। এ দিন তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। এ দিনেই আল্লাহ তাকে মৃত্যু দান করেছেন। জুমার দিন একটা সময় আছে, যাতে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা-ই দান করবেন, যদি না সে হারাম কোনো বিষয়ের প্রার্থনা করে।
কেয়ামতও সংঘটিত হবে জুমার দিন। নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা পর্যন্ত জুমার দিন (কেয়ামতের শঙ্কায়) ভীত-সন্ত্রস্ত থাকে। পৃথিবী, আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, সাগর সব কিছু জুমার দিন (কেয়ামতের শঙ্কায়) উদ্বিগ্ন থাকে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস ৫৫৫৯; মুসনাদে আহমাদ, হাদিস ১৫৫৪৮)
আরেক হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূর্য যেসব দিন উদিত হয় অর্থাৎ দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন। এদিন আল্লাহ তাআলা আদম (আ.)-কে সৃষ্টি করেছেন। তাকে দুনিয়াতে নামানো হয়েছে। এদিন তিনি মৃত্যুবরণ করেছেন। তাঁর তওবা কবুল হয়েছে। এ দিনই কেয়ামত সংঘটিত হবে। মানুষ ও জিন ছাড়া এমন কোনো প্রাণী নেই, যা কেয়ামত কায়েম হওয়ার ভয়ে জুমার দিন ভোর থেকে সূর্য ওঠা পর্যন্ত চিৎকার করতে থাকে না। জুমার দিন একটা সময় আছে, কোনো মুসলিম যদি সে সময় নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই তাকে তা দান করবেন।’ ((মুআত্তা মালেক, হাদিস: ২৯১; মুসনাদে আহমাদ, হাদিস ১০৩০৩)
উল্লিখিত দুটি হাদিসে উদ্ধৃত হয়েছে, জুমার দিন সব প্রাণী এ ভয়ে আতঙ্কিত থাকে যে, না জানি আজই কেয়ামত কায়েম হয়ে যায়। আরেক হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূর্যের উদয় ও অস্ত যাওয়া দিনগুলোর মধ্যে জুমার দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন নেই। মানুষ ও জিন ছাড়া এমন কোনো প্রাণী নেই, যা জুমার দিন (কেয়ামত সংঘটিত হওয়ার আশঙ্কায়) ভীতসন্ত্রস্ত থাকে না।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ৭৬৮৭; মুসনাদে আবু ইয়ালা, হাদিস: ৬৪৬৮)
সূত্র: মূল প্রতিবেদন

শ্রমিকদের দুনিয়ার কল্যাণের পাশাপাশি পরকালের মুক্তি ও জবাবদিহিতার চেতনায় গড়তে চায়: আমীর নজরুল