প্রথম সমাচার ডেস্ক:
ফুটবল মাঠে তুরস্ক ও ইসরায়েলের রাজনৈতিক উত্তেজনার উত্তাপ। উয়েফা ইউরোপা লিগে ইসরায়েলের ক্লাব হাপোয়েল বেয়ার শেভার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি তুরস্কের ক্লাব বেসিকতাসের ফুটবলাররা।
গ্যালারিতে উড়েছে ফিলিস্তিনের পতাকা, উঠেছে ইসরায়েলবিরোধী স্লোগান। এরপর সমর্থকদের সঙ্গে জর্জিয়ার পুলিশের সংঘর্ষে প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে ম্যাচ। উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে বেসিকতাস।
গতকাল (২৬ নভেম্বর) রাতে জর্জিয়ার বাতুমিতে অনুষ্ঠিত হয় ইউরোপা লিগের লিগ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচটি।
তুরস্কের ইস্তাম্বুলে খেলা হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নেওয়া হয় জর্জিয়ায়। তবে নিরপেক্ষ মাঠেও এড়ানো যায়নি রাজনৈতিক উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনা। ম্যাচের আগে হাত মেলাতে অস্বীকৃতি
ম্যাচ শুরুর আগে থেকেই উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছিল। মাঠে দুই দলের খেলোয়াড়েরা প্রচলিত নিয়ম অনুযায়ী পরস্পরের সঙ্গে হাত মেলাননি।
বেসিকতাসের খেলোয়াড়েরা হাপোয়েল বেয়ার শেভার ফুটবলারদের সঙ্গে করমর্দন এড়িয়ে যান। টসের সময়ও বেসিকতাস অধিনায়ক ওরকুন কোকচু প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে আনুষ্ঠানিকতা শেষ করে সরে যান। এরপর গ্যালারিতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা ও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে লেখা ব্যানার। সমর্থকদের কণ্ঠে শোনা যায়, ‘ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান।
ঠিক সেই সময় গ্যালারিতে বেসিকতাসের সমর্থকদের সঙ্গে জর্জিয়ার পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সমর্থকদের একটি অংশের কাছে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
বার্তা সংস্থা এপি ও এএফপির তথ্য অনুযায়ী, পুলিশ সমর্থকদের ওপর পেপার স্প্রে ব্যবহার করে। সংঘর্ষে কয়েকজন সমর্থক আহত হন।
পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে ডেনমার্কের রেফারি মর্টেন ক্রগ দুই দলের খেলোয়াড়দের মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যাওয়ার নির্দেশ দেন। প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ থাকে। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবার খেলা শুরু হয়।
সূত্র: মূল প্রতিবেদন
