প্রথম সমাচার ডেস্ক:
তুরস্কের আরারাত পর্বতের কাছে হযরত নূহ (আ.)-এর নৌকার সন্ধানে অনুসন্ধান চালাতে গিয়ে প্রায় ৪ হাজার ৩০০ বছরের পুরোনো কাঠের নমুনা পাওয়ার দাবি করেছে একটি গবেষক দল। প্রাথমিক পরীক্ষায় কাঠের বয়স নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু জোন্স। তার দাবি, এই সময়কাল বাইবেলে বর্ণিত নূহের মহাপ্লাবনের প্রচলিত সময়ের সঙ্গে মিলে যায়।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জোন্স জানান, অনুসন্ধানস্থল থেকে কয়েক ব্যাগ পোড়া কাঠের মতো দেখতে নমুনা সংগ্রহ করেছেন তারা। উদ্ধার করা কয়েকটি কাঠের টুকরোয় যন্ত্রপাতি দিয়ে কাটাছেঁড়ার মতো চিহ্নও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, নৌকার মতো দেখতে একটি কাঠামোর পশ্চিম পাশে মাটির প্রায় ৩০ ফুট গভীর থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়।
জোন্সের দাবি, কাঠামোটির দৈর্ঘ্য প্রায় ৩০০ হাত, যা বাইবেলে বর্ণিত নূহের নৌকার দৈর্ঘ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তিনি বলেন, ‘কাঠের নমুনাগুলো প্রায় ৪ হাজার ৩০০ বছরের পুরোনো। নূহের মহাপ্লাবনের প্রচলিত সময়কালের সঙ্গে এর মিল রয়েছে। তবে কাঠগুলো সেখানে কীভাবে পৌঁছাল, তা এখনো আমরা জানি না।’
ছয় দশকের বেশি সময় ধরে চলছে অনুসন্ধান
আরারাত পর্বতের কাছে নৌকার মতো দেখতে কাঠামোটি ছয় দশকেরও বেশি সময় আগে আবিষ্কৃত হয়। এরপর থেকেই স্থানটি নূহের নৌকার সম্ভাব্য অবস্থান হিসেবে আলোচনায় রয়েছে।
এই কাঠামোটি তুরস্কের দুরূপিনার ফরমেশন নামে পরিচিত। এর আকৃতি অনেকটা বিশাল নৌকার মতো হওয়ায় দীর্ঘদিন ধরে গবেষক, অনুসন্ধানকারী ও ধর্মীয় বিশ্বাসীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
অ্যান্ড্রু জোন্সের বিশ্বাস, তাদের অনুসন্ধান নূহের প্রকৃত নৌকার সন্ধান পাওয়ার দিকে এগোচ্ছে। তবে সংগৃহীত প্রতিটি নমুনা বৈজ্ঞানিকভাবে পরীক্ষা-নিরীক্ষার পরই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
তবে অনুসন্ধানকারী দলের দাবির সঙ্গে মূলধারার বিজ্ঞানীদের প্রচলিত মতের মিল নেই। বিজ্ঞানীদের একটি বড় অংশের মতে, নৌকার মতো দেখতে কাঠামোটি প্রকৃতপক্ষে প্রাকৃতিকভাবে তৈরি একটি ভূতাত্ত্বিক শিলাগঠন। এটি কোনো প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ, এমন দাবির পক্ষে এখনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া উদ্ধার করা কাঠের বয়স নির্ধারণ করা গেলেও সেটি নূহের নৌকার অংশ, এমন সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আরও পরীক্ষা ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, কাঠের নমুনার বয়স নির্ধারণ, কাঠামোটির ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণ এবং সেখানে মানুষের নির্মাণকাজের চিহ্ন রয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা জরুরি।
ইসলামেও গুরুত্বপূর্ণ অধ্যায় নূহ (আ.)-এর মহাপ্লাবন
ইসলাম, খ্রিষ্টধর্ম ও ইহুদি ধর্ম; তিনটি ধর্মীয় ঐতিহ্যেই হযরত নূহ (আ.) ও মহাপ্লাবনের ঘটনা বিশেষ গুরুত্ব বহন করে।
ইসলামি বিশ্বাস অনুযায়ী, হযরত নূহ (আ.) ছিলেন আল্লাহর একজন সম্মানিত রাসুল। পবিত্র কোরআনে তার সম্প্রদায়ের কাছে দাওয়াত, দীর্ঘদিনের প্রচেষ্টা, মহাপ্লাবন এবং নৌকায় মুমিনদের রক্ষার ঘটনা বর্ণিত হয়েছে। মুসলিম ঐতিহ্যে তাকে মানবজাতির দ্বিতীয় পিতা হিসেবেও উল্লেখ করা হয়।
তবে আরারাত পর্বতের কাছে পাওয়া কাঠের সঙ্গে কোরআনে বর্ণিত নূহ (আ.)-এর নৌকার কোনো সরাসরি বৈজ্ঞানিক বা ঐতিহাসিক যোগসূত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। ফলে অনুসন্ধানকারী দলের দাবি নতুন করে আগ্রহ তৈরি করলেও বিষয়টি এখনো প্রমাণিত আবিষ্কার নয়।
সূত্র: মূল প্রতিবেদন

ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপেও আঘাত হানতে সক্ষম, মধ্যপ্রাচ্যে পারমাণবিক বিপর্যয়ের সতর্ক ট্রাম্পের