প্রথম সমাচার ডেস্ক:
শ্রমিক অসন্তোষের কারণে গত এক মাস ধরে উত্তপ্ত ছিল শিল্পাঞ্চল গাজীপুর। প্রায় প্রতিদিন বিক্ষোভ ও অবরোধ থাকলেও শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ১০ শতাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। সকাল থেকেই এসব কারখানায় শ্রমিকরা নির্বিঘ্নে কাজ করছেন।
কারখানা অধিদপ্তরের তথ্যমতে, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে কলকারখানার সংখ্যা ৫ হাজার ২০০টি। এর মধ্যে নিবন্ধিত পোশাক কারখানা ২ হাজার ৭১টি হলেও নিয়মিত উৎপাদনে থাকা পোশাক কারখানার সংখ্যা ১ হাজার ৫০০টি। এর মধ্যে শতভাগ রপ্তানিকারক আরএমজি কারখানা রয়েছে ৯০০টি।
সচল থাকা কারখানাগুলোতে শুক্রবার সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। শ্রমিকরা জানান, তারা কোনো অবরোধ ও ভাঙচুরের পক্ষে নন; তারা শান্তিপূর্ণভাবে কাজ করতে চান।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, চলমান শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এসব কারখানা শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলো দ্রুতই সচল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শুক্রবার গাজীপুরের মোট কারখানার ১০ শতাংশ চালু রয়েছে। সকাল থেকে সবকিছু স্বাভাবিক চলছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিদিনের মতো সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সূত্র: মূল প্রতিবেদন
