প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীতে পৃথক তিনটি স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মিরপুর, উত্তর বাড্ডা ও কালশী এলাকায় এসব ঘটনা ঘটে।
এদিন রাতে মেরুল বাড্ডায় আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির সব আসন পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত বাসে হটাৎ করে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
এ বিষয়ে বাড্ডা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) তারেক আজিজ এশিয়া পোস্টকে বলেন, বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিহারি ক্যাম্পসংলগ্ন এলাকায় পার্কিংয়ে থাকা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন পুড়ে যায়।
এদিন রাত সাড়ে ১১টার দিকে পল্লবী থানার কালশীতে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুরো বাস পুড়ে গেলেও কেউ হতাহত হননি।
এসব বিষয়ে ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনে মধুমতী বাসটির আংশিক পুড়ে গেছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে জানা যায়নি।
তিনি আরও বলেন, রাত পৌনে ১২টার দিকে পল্লবীর কালশী রোডে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে যাত্রী নামিয়ে দিয়ে চালক খালি বাস নিয়ে পার্কিং করতে যাচ্ছিলেন। আগুন লাগার পর বাস থেকে চালক দ্রুত নিরাপদে নেমে যান। এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার শিহাদ সরকার জানান, খবর পাওয়া পর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
সূত্র: মূল প্রতিবেদন
