শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা চাইল পিরোজপুর ছাত্রদল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা পেলে হাজারও নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা। গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ কথা জানান তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জে নির্যাতনের শিকার সাব্বির খান পিরোজপুরে আসলে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালে উপস্থিত জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফোনে কথা বলেন এবং আহত নেতার খোঁজখবর নেন। পাশাপাশি তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

ফোনালাপে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কেন্দ্রীয় সভাপতিকে বলেন, ‘ভাইয়া, আপনি আমাদের ক্যাপ্টেন, আমাদের অভিভাবক। আপনার নির্দেশনা পেলেই আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা জীবনের ভয় করি না, শুধু আপনার নির্দেশনার অপেক্ষায় রয়েছি।’

তিনি আরও বলেন, কিছুদিন আগেও নাজিরপুরের টুঙ্গিপাড়া সীমান্তবর্তী মালিখালী ইউনিয়নে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তারা। কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা পেলে যেকোনো কর্মসূচিতে অংশ নিতে প্রস্তুত জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন, বিগত দিনে নেতৃত্বের নির্দেশনায় রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। আপনার নেতৃত্বে আমরা যেকোনো জায়গায় যেতে প্রস্তুত।

জবাবে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, তোমরা আইন নিজের হাতে তুলে নেবে না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে। প্রত্যেকের বিচার হবে। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সন্ত্রাসীদের যেখানেই দেখবে, আইনের হাতে তুলে দেবে। আমরা ছাত্রদল, আইন নিজের হাতে তুলে নেব না।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের সবাই তাদের প্রতিপক্ষ নন; তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে। আহত সাব্বিরকে ধৈর্য ধরতে বলেন এবং সুস্থ হয়ে ওঠার পর তার পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com