শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

৫ ডিসেম্বর বগুড়া সফরে আসছেন প্রধানমন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আগামী ৫ ডিসেম্বর (শনিবার) বগুড়া আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় বগুড়া সফর। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এবারের সফরে তিনি বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জেলার সার্বিক বিষয় নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করবেন। সেখানে তিনি নেতাকর্মীদের বিভিন্ন বার্তা দেবেন।

এই সফর সফল করতে বগুড়ার বিএনপির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। ওই প্রতিনিধিদলে ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন, সিটি প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, মুখ্য সচিব আবদুস ছাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বগুড়া সফরের কথা উল্লেখ করে রেজাউল করিম বাদশা বলেন, ওই দিন প্রধানমন্ত্রী মোকামতলা উপজেলা, পৌরসভা ও থানা উদ্বোধন এবং জনসভায় অংশ নিতে পারেন। পাশাপাশি গোবিন্দগঞ্জে করতোয়া নদীর মূল পয়েন্ট খনন কর্মসূচি এবং সেখানে একটি জনসভার সম্ভাবনা রয়েছে। এরপর সন্ধ্যায় বগুড়া শহরে শহীদ টিটু মিলনায়তনে দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। এছাড়া বগুড়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের জন্য এক থেকে দুই মাস পর প্রধানমন্ত্রী আলাদা আরেকটি দিন সময় দেবেন।

এবারের সফরে তিনি বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জেলার সার্বিক বিষয় নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করবেন। সেখানে তিনি নেতাকর্মীদের বিভিন্ন বার্তা দেবেন। যেখানে থাকবে ২০ বছরের বঞ্চিত বগুড়ার উন্নয়নের পরিকল্পনা। এছাড়া বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনকে শক্তিশালী করতে একগুচ্ছ নির্দেশনাও দেবেন তিনি। একইসঙ্গে তিনি বগুড়াকে মডেল হিসেবে বিবেচনায় নিয়ে সারাদেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে নানা পরিকল্পনা দেবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস। প্রিয় নেতা ও বগুড়ার সন্তানকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের দ্বিতীয় বগুড়া সফর।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম জানান, সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার (৫ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। এ সময় নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

এছাড়াও মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের কাজও শুরু করবেন প্রধানমন্ত্রী। ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ সড়ক প্রকল্পের উদ্বোধনী ফলক ওই দিন উন্মোচন করবেন তিনি।

এদিকে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সভা করেছে মোকামতলা উপজেলা প্রশাসন। কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাঠ পরিদর্শন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, যান চলাচল এবং দোকানপাট ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। সভায় আগমন উপলক্ষে নির্ধারিত মাঠ ও আশপাশের এলাকার পরিবেশ, ময়লা-আবর্জনা অপসারণ, সড়ক পরিষ্কার রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি হাইস্কুল রোডের দোকানপাট ও সড়কের ওপর থাকা প্রতিবন্ধকতা সরিয়ে চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাঠ ও আশপাশের এলাকা পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- শিবগঞ্জ ও মোকামতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রতিমন্ত্রীর উপদেষ্টা মাহমুদ হোসেন তৌফিক, সদস্য সচিব রোকন উদ-দৌলা রুবেল, মোকামতলা পৌর বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরে আলম মামুন তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, দেউলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালিব মোল্লা।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com