শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

পাঁচ বছরের মধ্যেই সিলেটের ৮০০ কিলোমিটার সড়কের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আরও ৫৫ বছর অপেক্ষা নয়, বরং আগামী পাঁচ বছরের মধ্যেই সিলেট নগরের মোট ৮০০ কিলোমিটার সড়কের নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নগরের মেজরটিলা থেকে সৈয়দপুর পর্যন্ত (টেক্সটাইল রোড) সড়কের উন্নয়নকাজ শেষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই প্রকল্পের আওতায় সড়কটির আরসিসি ঢালাইসহ উভয় পাশে ড্রেন, ফুটপাত এবং বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে।

নগর উন্নয়নের পরিসংখ্যান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের ৪২টি ওয়ার্ডে সর্বমোট প্রায় ৮০০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে গত ৫৫ বছরে মাত্র ৪০০ কিলোমিটারের কিছু বেশি সড়ক নির্মিত হয়েছে। আমাদের বর্তমান লক্ষ্য হলো, আরও ৫৫ বছর সময় না নিয়ে আগামী পাঁচ বছরের মধ্যেই পুরো ৮০০ কিলোমিটার সড়কের কাজ শেষ করা।

সিটি করপোরেশনের কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী আরও বলেন, সিসিক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলেই প্রায় প্রতি সপ্তাহেই নতুন সড়ক উদ্বোধনের সুযোগ হচ্ছে। আমরা একটি বড় প্রকল্প আনার চেষ্টা করছি। এর মাধ্যমে এই শীত ও পরবর্তী শুষ্ক মৌসুমে ব্যাপক কাজ করে সিলেটের সম্প্রসারিত ও নতুন ওয়ার্ডগুলোকে নাগরিক সুবিধার দিক থেকে সত্যিকারের শহরের রূপ দেওয়া হবে।

সদ্য উদ্বোধন হওয়া টেক্সটাইল রোডের উন্নয়ন কাজের বিবরণ দিয়ে তিনি জানান, প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কটিকে দুই ভাগে ভাগ করে কাজ করা হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪৮০ মিটার (প্রায় দেড় কিলোমিটার) সড়কের কাজ শেষ হয়েছে। আগে সড়কটি ১৮ ফুট প্রশস্ত থাকলেও এখন তা বাড়িয়ে ৩০ ফুট করা হয়েছে। এর পাশাপাশি ১ হাজার ৬৫০ মিটার ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুবিধা বাড়াতে নগরের বর্ধিত প্রতিটি ওয়ার্ডে জিন্দাবাজারের মতো আধুনিক ও প্রশস্ত সড়ক নির্মাণ করা হবে। জনগণ উন্নয়নের জন্যই ধানের শীষে ভোট দিয়েছে। একটি প্রকল্পের কাজ শেষ হয়েছে, শিগ্‌গিরই আরেকটি বড় প্রকল্প পাস করিয়ে আনা হচ্ছে। শুষ্ক মৌসুমে ব্যাপক কর্মযজ্ঞের মাধ্যমে আমরা সিলেটকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলব।

আলোচনা সভা শেষে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ফলক উন্মোচনের মাধ্যমে টেক্সটাইল সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিসিকের সচিব মো. আশিক নূর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান ও নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য। এ ছাড়া সিটি করপোরেশনের পদস্থ কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com