প্রথম সমাচার ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে পায়ে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতির লেজে আগুন দেওয়ার একিট ভিডিও সামাজিকমাধ্যমে ভারাইল হয়। এরপরই ভিডিও থেকে নেওয়া কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার এবং হাতিটির সুরক্ষায় বন বিভাগকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘টেকনাফের বাহারছড়ায় পায়ে গুলিবিদ্ধ, হতবিহ্বল, অসুস্থ ও ক্ষুধার্ত হাতিটির লেজে আগুন দেওয়া এই ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। একটা মানুষ কি সেই এলাকায় নেই, যে হাতিটিকে নিরাপদে পার হয়ে যেতে দিতে পারে!?’
হাতিটির প্রতি এমন নিষ্ঠুর আচরণের বিচার দাবি করে তিনি আরও লেখেন, ‘বন বিভাগকে অবিলম্বে হাতিটির সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে।’
জয়া আহসান বাংলাদেশে পশুপাখির কল্যাণ ও প্রাণী অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করছেন। পোষ্য পালনের পাশাপাশি তিনি পথপ্রাণী ও বন্যপ্রাণীর সুরক্ষায় নানা সামাজিক ও আইনি উদ্যোগে যুক্ত রয়েছেন।
সূত্র: মূল প্রতিবেদন
