প্রথম সমাচার ডেস্ক:
সিলেট মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে মহানগরীর জালালাবাদ থানার পাঠানটুলা ও মইয়ারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন সিলেট মহানগর যুবলীগের ৮ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি মো. রাসেল আলী (৪৬) এবং সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইহতেশাম আহমদ মাআজ (২৩)। রাসেল আলী জালালাবাদ থানার পাঠানটুলা দর্জিপাড়া এলাকার মৃত তজমুল আলীর ছেলে এবং ইহতেশাম আহমদ মাআজ মইয়ারচর এলাকার মৃত মকসুদ আহমদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানা-পুলিশের একটি দল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে রাসেল আলীকে এবং রাত আড়াইটার দিকে মইয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ইহতেশাম আহমদ মাআজকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র আরও জানায়, রাসেল আলী ২০২৪ সালের ২২ আগস্ট জালালাবাদ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। অন্যদিকে ইহতেশাম আহমদ মাআজ চলতি বছরের ২ আগস্ট একই থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) ও উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, গ্রেপ্তার দুজনকেই যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
