শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

ব্যাংকারদের অনিয়মের মাশুল দিচ্ছেন আমানতকারী-শেয়ারহোল্ডাররা: এম কে মুজেরী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দেশে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনৈতিক আর্থিক সুবিধার বিনিময়ে ঋণ বিতরণের প্রবণতা বাংলাদেশের ব্যাংকিং খাতের নৈতিক ভিত্তিকে দুর্বল করে তুলছে। এর ফলে বেড়েছে খেলাপি ঋণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংকের সম্পদের গুণমান। এসব অনিয়মের আর্থিক দায় বহন করতে হচ্ছে আমানতকারী, শেয়ারহোল্ডার ও সামগ্রিক অর্থনীতিকে। ব্যাংকিং খাতে নৈতিকতার সংকট মোকাবিলায় শুধু আইন ও বিধিবিধান যথেষ্ট নয়। বরং প্রয়োজন জবাবদিহিতা, স্বচ্ছতা ও পেশাগত সততার সংস্কৃতি প্রতিষ্ঠা।

শনিবার (২৮ ন‌ভেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত ‘ব্যাংকিংয়ে নৈতিকতা : জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক মোস্তফা কে. মুজেরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মোস্তফা কে. মুজেরী বলেন, ব্যাংকিং ব্যবস্থা মূলত জনগণের আস্থার ওপর প্রতিষ্ঠিত। মানুষ ব্যাংকে অর্থ জমা রাখে এই বিশ্বাসে যে তাদের সঞ্চয় নিরাপদ থাকবে এবং দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহৃত হবে। কিন্তু রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত স্বার্থ ও অনৈতিক আর্থিক প্রলোভনের কারণে ঋণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হলে তা শুধু ব্যাংকিং বিধি লঙ্ঘন করে না, বরং ব্যাংকিংয়ের মৌলিক নৈতিকতাকেও ক্ষতিগ্রস্ত করে।

তিনি বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাত কৃষি, শিল্প, বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, আবাসন, রপ্তানি এবং রেমিট্যান্স খাতে অর্থায়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে একই সঙ্গে খেলাপি ঋণ, জালিয়াতি, অভ্যন্তরীণ ব্যক্তিদের ঋণ প্রদান, দুর্নীতি, দুর্বল করপোরেট সুশাসন, আর্থিক তথ্যের কারসাজি এবং ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যর্থতার মতো গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে।

ব্যাংকিং খাতের নৈতিক সংকটের অন্যতম কারণ হিসেবে রাজনৈতিক ও বাহ্যিক প্রভাবকে চিহ্নিত করেছেন এই অর্থনীতিবিদ। তি‌নি জানান, ব্যাংকের ঋণ অনুমোদন, নিয়োগ, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কার্যক্রমে অতিরিক্ত বাহ্যিক চাপ প্রতিষ্ঠানের স্বাধীনতা দুর্বল করে দেয়। এতে পেশাদার ঋণ মূল্যায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনার পরিবর্তে প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ প্রাধান্য পাওয়ার আশঙ্কা তৈরি হয়। এ ছাড়া ব্যাংকের পরিচালক, প্রভাবশালী শেয়ারহোল্ডার কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যক্তিগত স্বার্থের সম্পর্ক থাকতে পারে। এসব সম্পর্ক যথাযথভাবে প্রকাশ ও নিয়ন্ত্রণ করা না হলে ঋণ বিতরণের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট হয়ে পড়তে পারে। এতে ব্যাংকিং খাতের ন্যায়পরায়ণতা ও স্বচ্ছতা ক্ষুণ্ন হয়।

খেলাপি ঋণ সমস্যাকে নৈতিকতা ও আর্থিক শৃঙ্খলার সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে উল্লেখ করে মোস্তফা কে. মুজেরী বলেন, রাজনৈতিক যোগাযোগ, ব্যক্তিগত সম্পর্ক কিংবা ঋণগ্রহীতার সক্ষমতা যথাযথভাবে মূল্যায়ন না করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত ব্যাংকের সম্পদের গুণমান নষ্ট করে। যথাযথ যাচাই-বাছাই ছাড়া ঋণ দেওয়া হলে শেষ পর্যন্ত এর দায়ভার বহন করতে হয় আমানতকারী, শেয়ারহোল্ডার এবং সামগ্রিক অর্থনীতিকে।

তিনি বলন, ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের নৈতিক দায়িত্ব রয়েছে। একই সঙ্গে ব্যাংকেরও দায়িত্ব হচ্ছে ঋণগ্রহীতার সক্ষমতা যথাযথভাবে মূল্যায়ন করা এবং দায়িত্বজ্ঞানহীন ঋণ প্রদান থেকে বিরত থাকা। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। তবে প্রকৃত অর্থনৈতিক সংকটে পড়া ঋণগ্রহীতাদের জন্য স্বচ্ছ ও নিয়মভিত্তিক ঋণ পুনর্গঠনের সুযোগ থাকা প্রয়োজন।

প্রভাবশালী ঋণগ্রহীতারা বারবার ঋণের মেয়াদ বৃদ্ধি, বিশেষ সুবিধা কিংবা শেষ পর্যন্ত ঋণ মওকুফের প্রত্যাশা করলে তা পুরো ঋণ ব্যবস্থাকে দুর্বল করে দেয়। একই সঙ্গে সৎ ঋণগ্রহীতাদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয় এবং কৌশলগতভাবে ঋণখেলাপি হওয়ার প্রবণতা উৎসাহিত হয় বলে মনে করেন তিনি।

ব্যাংকিং খাতে নৈতিকতা প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেছেন মোস্তফা কে. মুজেরী। তিনি বলেন, সতর্কতামূলক প্রবিধান, করপোরেট সুশাসন, ঋণ শ্রেণিবিন্যাস, প্রভিশনিং, অর্থ পাচারবিরোধী ব্যবস্থা, ভোক্তা সুরক্ষা এবং প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা ব্যাংকিং খাতে শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বপূর্ণ উপকরণ। তবে প্রবিধান পরিপালন ও নৈতিকতা এক বিষয় নয়। আইন মেনে চলা হচ্ছে ন্যূনতম বাধ্যবাধকতা। অন্যদিকে নৈতিকতা হচ্ছে সঠিক ও দায়িত্বশীল কাজ করার বৃহত্তর অঙ্গীকার। কোনো ব্যাংক আনুষ্ঠানিকভাবে সব বিধিবিধান মেনে চললেও গ্রাহকদের সঙ্গে অন্যায় আচরণ করতে পারে কিংবা অতিরিক্ত ঝুঁকি নিতে পারে। এ কারণে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানের ক্ষেত্রে শুধু বিধিবিধান পরিপালন নয়, বরং ব্যাংকের প্রাতিষ্ঠানিক সংস্কৃতি, ঝুঁকি ব্যবস্থাপনা, জবাবদিহিতা এবং দায়িত্বশীল ব্যাংকিং অনুশীলনের ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মূল প্রবন্ধে বলা হয়েছে, ব্যাংকিং খাতে নৈতিকতার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে গ্রাহক সুরক্ষা। গ্রাহকদের সুদের হার, ফি, ঋণের শর্ত, ঝুঁকি এবং অন্যান্য চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়ার দায়িত্ব ব্যাংকের। আর্থিক পণ্যের অসংগতিপূর্ণ বিক্রি, অনৈতিক চার্জ আরোপ, বৈধ সেবা প্রদানে বিলম্ব কিংবা গ্রাহকের তথ্য সুরক্ষায় ব্যর্থতা ন্যায্যতা ও স্বচ্ছতার পরিপন্থি।

একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তির নামে নিম্ন আয়ের পরিবার, ক্ষুদ্র কৃষক, নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সীমিত আর্থিক জ্ঞান বা দর-কষাকষির সক্ষমতার সুযোগ নিয়ে তাদের শোষণ করা উচিত নয়। আর্থিক সেবা সাশ্রয়ী, সহজবোধ্য, সহজলভ্য ও গ্রাহকের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন।

ডিজিটাল ব্যাংকিংয়ের বিস্তারের সঙ্গে নতুন নৈতিক ঝুঁকিও তৈরি হচ্ছে। সাইবার নিরাপত্তা, ডিজিটাল জালিয়াতি, অননুমোদিত লেনদেন এবং গ্রাহকের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এখন গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় ক্রেডিট স্কোরিংয়ের ক্ষেত্রেও অ্যালগরিদমের মাধ্যমে নির্দিষ্ট জনগোষ্ঠীর প্রতি বৈষম্য তৈরির ঝুঁকি রয়েছে।

ব্যাংকিং খাতে নৈতিকতার সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য কয়েকটি প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন মোস্তফা কে. মুজেরী। তিনি বলেন, এর মধ্যে রয়েছে নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি ও কর্মদক্ষতা মূল্যায়নে নৈতিক মানদণ্ড অন্তর্ভুক্ত করা; অনিয়ম প্রকাশকারীদের সুরক্ষায় কার্যকর হুইসেল-ব্লোয়ার ব্যবস্থা চালু করা এবং অভ্যন্তরীণ নিরীক্ষা, কমপ্লায়েন্স ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া।

তার মতে, ব্যাংকের কর্মীদের শুধু ঋণ বিতরণের পরিমাণ বা স্বল্পমেয়াদি মুনাফার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত নয়। ঋণের গুণমান, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল আচরণকেও কর্মদক্ষতার গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনাকে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সততা ও স্বচ্ছতাকে মূল্যায়ন করা হবে এবং অনিয়মের জন্য বিশ্বাসযোগ্য শাস্তির ব্যবস্থা থাকবে।

মোস্তফা কে. মুজেরী বলেন, নৈতিকতা ছাড়া দীর্ঘমেয়াদে ব্যাংকিং ব্যবস্থার সমৃদ্ধি সম্ভব নয়। লাভজনক ব্যাংকিং ও নৈতিক ব্যাংকিং পরস্পরবিরোধী নয়; বরং টেকসই ব্যাংকিংয়ের জন্য দুটিই প্রয়োজন। মুনাফা ব্যাংক পরিচালনার আর্থিক সক্ষমতা জোগায়, আর নৈতিকতা মুনাফা অর্জনের সীমারেখা নির্ধারণ করে, যাতে জনগণের আস্থা ও সামাজিক কল্যাণ ক্ষতিগ্রস্ত না হয়।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com