প্রথম সমাচার ডেস্ক:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। পুলিশের কাছে আবেদন করার পরও এভাবে মাহফিল বন্ধ করে দেওয়াকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে অলিরবাজার এলাকায় গিয়ে সড়কের পাশে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে ভক্ত-অনুসারীদের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ ক্ষোভ জানান। প্রশাসনের অনুমতি না থাকায় এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে দিনভর উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থানের পর ওই মাহফিলের আয়োজন বন্ধ হয়ে যায়।
শুক্রবার বিকেল চারটার দিকে অলিরবাজার এলাকায় পৌঁছান তাহেরী। তার গাড়ির আশপাশে জড়ো হন কয়েকশ ভক্ত-অনুসারী। এ সময় গাড়ির ওপর দাঁড়িয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে তিনি এলাকা ছেড়ে চলে যান। বক্তব্য দেওয়ার সময় মাহফিল করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে গিয়াস উদ্দিন আত-তাহেরী বলেন, মাহফিল আয়োজনের জন্য কমিটি অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। এ নিয়ে এলাকায় কোনো বিরোধ ছিল না। পুলিশের কাছে আবেদন করার পর এভাবে মাহফিল বন্ধ করে দেওয়া দুঃখজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে অলিরবাজারে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে আয়োজিত মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল গিয়াস উদ্দিন আত-তাহেরীর। তার আগমন ঘিরে বৃহস্পতিবার থেকেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। মাহফিল বন্ধের দাবিতে শুক্রবার সকালে অলিরবাজারে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন হেফাজতের নেতাকর্মীরা। একই সঙ্গে তাহেরীকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে আবেদনও জানান তারা।
এ ঘটনার পর সকাল থেকেই অলিরবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে দুপুরে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের পক্ষ থেকে আয়োজকদের মাহফিল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। সদর দক্ষিণ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজক কমিটির সদস্যদের মাহফিল না করার অনুরোধ জানায়। ফলে নির্ধারিত স্থানে মাহফিলটি হয়নি। প্রশাসনের পক্ষ থেকে মাহফিল বন্ধের অনুরোধ করা হলে মাইকসহ বিভিন্ন সরঞ্জাম খুলে নিয়ে যাওয়া হয়।
মাহফিলের আয়োজক কমিটির সদস্য ও তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, মাহফিল বাস্তবায়নে তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন। যে কোনো কিছুর বিনিময়ে অনুষ্ঠান করার চ্যালেঞ্জও নিয়েছিলেন। কিন্তু তাহেরী হুজুর কোনো সংঘাতে যেতে চাননি। তিনি বিকেলে অলিরবাজারে এলেও প্যান্ডেলে না গিয়ে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।
অন্যদিকে হেফাজতের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিলের আয়োজন করা হচ্ছিল। তিনি একজন বিতর্কিত বক্তা। এ কারণে স্থানীয় লোকজনের পাশাপাশি তারাও প্রতিবাদ জানিয়েছেন। তাকে অলিরবাজারে মাহফিলে বক্তব্য রাখতে দেওয়া হয়নি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই মাহফিলের আয়োজন করা হয়েছিল। এ কারণে অলিরবাজারে মাহফিল করতে পারেননি তাহেরী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। উত্তেজনা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোনো ধরনের সংঘাতের ঘটনা ঘটেনি।
সূত্র: মূল প্রতিবেদন
