শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

মাদক ও চুরির অভিযোগে অতিষ্ঠ চার মহল্লার মানুষ, মা ও তিন ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের চানমনিপাড়ায় একটি পরিবারের বিরুদ্ধে মাদক কারবার, মাদক সেবন ও চুরির অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের কর্মকাণ্ডে চানমনিপাড়াসহ আশপাশের চারটি মহল্লার বাসিন্দারা অতিষ্ঠ বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, প্রায় এক দশক ধরে এসব কর্মকাণ্ড চলে আসছে। একাধিকবার সালিশ, থানায় অভিযোগ ও মামলা করেও স্থায়ী কোনো প্রতিকার মেলেনি।

এ অবস্থায় সম্প্রতি পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গণস্বাক্ষরসংবলিত লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। অভিযোগে প্রয়াত কবির হোসেনের স্ত্রী ইয়াসমিন বেগম (৪৮) এবং তাঁর তিন ছেলে নাঈম হোসেন (৩০), সাঈম হোসেন (২২) ও ১৭ বছর বয়সী আরেক ছেলের নাম উল্লেখ করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, কবির হোসেন জীবিত থাকাকালে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুর পর স্ত্রী ইয়াসমিন বেগম ছেলেদের নিয়ে একই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তাঁর চার ছেলের মধ্যে একজন সৌদি আরবে থাকেন। বাকি তিন ছেলেকে সঙ্গে নিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

শুধু মাদক কারবারই নয়, পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন বাসাবাড়িতে চুরির অভিযোগও করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, বাড়িতে লোকজন না থাকার সুযোগে কিংবা রাতের আঁধারে বিভিন্ন বাসায় চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি চানমনিপাড়ার একটি খালি বাড়িতে চুরির ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজে অভিযুক্ত পরিবারের সদস্যদের দেখা গেছে বলেও দাবি করেছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা নুরুল হুদা বলেন, পরিবারটির কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে। প্রতিদিন বহিরাগত লোকজন মাদক কেনাবেচার জন্য সেখানে আসেন। থানা থেকে বাড়িটির দূরত্ব খুব বেশি না হলেও মাদক কারবার বন্ধে কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

তিনি আরও বলেন, চানমনিপাড়া, হালুয়াপাড়া, ছোট দেওয়ানপাড়া ও মোগলটুলা—এই চার মহল্লার বাসিন্দারা বাড়ি তালাবদ্ধ করে বাইরে গেলে চুরির আশঙ্কায় থাকেন। রাতেও বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি এক প্রবাসীর পরিবারের বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। অভিযুক্তদের বেপরোয়া আচরণের কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করতেও ভয় পান বলে দাবি করেন তিনি।

সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, ইয়াসমিন ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক কারবার ও চুরির অভিযোগ দীর্ঘদিনের। ২০২৪ সালে তাঁদের নিয়ে স্থানীয়ভাবে সালিশ হয়। ওই সালিশে পরিবারটিকে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংশোধন না হওয়া পর্যন্ত এলাকায় না আসার কথাও বলা হয়েছিল। কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই তাঁরা আবার আগের কর্মকাণ্ডে ফিরে যান বলে অভিযোগ রয়েছে।

চেয়ারম্যান আরও বলেন, পরিবারের সদস্যরা অতীতেও একাধিকবার কারাভোগ করেছেন বলে তিনি জানেন। জামিনে মুক্ত হয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। তাঁদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী পুনরায় ঐক্যবদ্ধ হয়েছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

ইউএনওর কাছে দেওয়া লিখিত অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেন, পরিবারের সদস্যদের কথিত কর্মকাণ্ডে এলাকার স্বাভাবিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের অবাধ তৎপরতায় উঠতি বয়সী কিশোরদের মাদকাসক্তি ও অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী সন্তানদের নিরাপত্তা নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক ছেলেটির জন্য উপযুক্ত পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

তবে পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ইয়াসমিন বেগম। চানমনিপাড়ায় তাঁর বাড়িতে গিয়ে তাঁকে ছাড়া পরিবারের অন্য কাউকে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে ইয়াসমিন বলেন, ‘মুখে বললেই কি হবে? কেউ কি আমাকে কিংবা আমার ছেলেদের হাতেনাতে ধরতে পেরেছে? আমার ছেলেরা নেশা করে, এটা সত্য। এ জন্য সবাই আমার ছেলেদের দোষ দেয়। আমরা দুর্বল, নিরীহ, তাই সমাজের লোকজন আমাদের দোষ দেয়। আমরা চুরি বা মাদক বিক্রির সঙ্গে জড়িত নই।’

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, চানমনিপাড়ার একটি পরিবারের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সরাইলে সদ্য যোগ দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির বলেন, পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com