শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

পাহাড়ে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৯৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ নভেম্বর) বান্দরবান সেক্টরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনের পাহাড়ে এ অভিযান চালানো হয়।

বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকসহ বিজিবির একটি বিশেষ টহল দল অংশ নেয়। দুপুর ১টায় শুরু হওয়া অভিযান ও দীর্ঘ তল্লাশি শেষে বিকেল সাড়ে ৪টার দিকে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের ভেতর গোপনে লুকিয়ে রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করা হয়।

৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা গোলাবারুদ কোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে সেখানে মজুত করে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com