রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

সৎসাহস থাকলে পলাতকরা দেশে এসে আইনের মুখোমুখি হোন: সমাজকল্যাণ মন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দেশে আইন ও আদালত রয়েছে উল্লেখ করে যারা পালিয়ে গেছেন, তাদের সৎ সাহস থাকলে দেশে ফিরে আইনের কাছে নিজেদের সোপর্দ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, গায়ের জোরে মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া কিংবা কাউকে হত্যা করা রাজনীতি হতে পারে না। এটি গণতন্ত্রের ভাষাও নয়।

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, এ দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র আদায় করেছে। একইভাবে ২০২৪ সালের ৫ আগস্টও গণতন্ত্র রক্ষা করেছে। দেশের মানুষ জানে কীভাবে গণতন্ত্র রক্ষা করতে হয়।

তিনি আরও বলেন, কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী জনগণ সমুচিত জবাব দেবে।

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গোবিন্দগঞ্জ সফরের কর্মসূচি সম্পর্কে সমাজকল্যাণমন্ত্রী জানান, ওই দিন তিনি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ করবেন। পাশাপাশি নদী পুনঃখনন কার্যক্রম এবং একটি ফ্লাইওভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com