রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গোপালগঞ্জ ও বাগেরহাটের মোল্লাহাটে রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের ঘটনায় আবারও বন্ধ হয়ে গেছে সাতক্ষীরা থেকে গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল। শনিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য এ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। এতে রাজধানীর সঙ্গে সাতক্ষীরার সরাসরি যোগাযোগ ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পরিবহন মালিক-শ্রমিক নেতারা জানিয়েছেন, আগামী দুই দিন এ রুটে কোনো বাস চলবে না। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল পুনরায় শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যাত্রীদের জরুরি যাতায়াতের কথা বিবেচনা করে বিকল্প পথে বাস চলাচল অব্যাহত রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেলে গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাগেরহাটের মোল্লাহাটেও বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাতক্ষীরা থেকে গোপালগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী অন্তত ১৫টি পরিবহন কোম্পানির বাস চলাচল বন্ধ রাখা হয়।

বাস চলাচল বন্ধ রাখা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এন্টারপ্রাইজ, এসপি গোল্ডেন লাইন, সাতক্ষীরা লাইন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন, মাস্টার ট্রাভেলস, সায়রা পরিবহন, সুন্দরবন লাইন, মামুন এন্টারপ্রাইজ ও এইচআর পরিবহন।

তবে বিকল্প হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ ফেরিঘাট এবং নড়াইল হয়ে ফরিদপুরের ভাঙ্গা দিয়ে কয়েকটি কোম্পানির বাস চলাচল করছে।

চিকিৎসার জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় যেতে চাওয়া গৃহবধূ সালমা খাতুন বলেন, এর আগেও বাস চলাচল বন্ধ থাকায় তাঁকে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হয়েছিল। শনিবার ঢাকায় যাওয়ার সব প্রস্তুতি নিয়েও আবার বাস বন্ধের খবরে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

সাতক্ষীরা লাইনের কাউন্টার ম্যান মোকলেসুর রহমান বলেন, গোপালগঞ্জের পরিস্থিতির কারণে সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। বর্তমানে নড়াইলের ভেতর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা হয়ে বাস চলাচল করছে।

সাতক্ষীরা পরিবহন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি সরদার মুকুল বলেন, ‘আগের মতো রাজনৈতিক অস্থিরতার পর ঝুঁকি নিয়েই শুক্রবার থেকে ১৫টি কোম্পানির গাড়ি নামানো হয়েছিল। কিন্তু আজ (শনিবার) বিকেলে ফের সংঘর্ষের ঘটনা ঘটায় আমরা বাধ্য হয়েই গোপালগঞ্জ রুটে গাড়ি বন্ধ রেখেছি। আপাতত বিকল্প রুটে বাস চলাচল করছে। পরিস্থিতি অনুকূলে থাকলে মঙ্গলবার সকাল থেকে পুনরায় পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু হবে।’

সূত্র: মূল প্রতিবেদন

৮ যশোরে চার মন্ত্রীর প্রকল্প পর্যালোচনা সভা ভবদহের দুঃখমোচনে নেয়া হবে সমন্বিত উদ্যোগ এম এ রহমান যশোর যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হলে ১৭ হাজার ২০০ হেক্টর জমি কৃষি উৎপাদনের আওতায় আসবে। এর মধ্যে ভবদহ অঞ্চলের পাঁচ হাজার ২০০ হেক্টর জমি কৃষি উপযোগী করা সম্ভব হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নরভেম্বর) যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণি। সভায় কেশবপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃ মোক্তার আলী. মণিরামপুর -৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার কাজী রফিকুল ইসলাম, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভবদহ এলাকার নেতৃবন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সংবাদ পরিবেশন সভায় জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার এবং সেচসুবিধা সম্প্রসারণে সেচ প্রকল্পের বিভিন্ন উপযোগীতা তুলে ধরা হয়। তবে স্থানীয়রা সেচ প্রকল্পের পরিবর্তে নদী-খাল সচল রাখা, বিলে বিলে জোয়ারাধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালু করা এবং পৃথক ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com