রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

পদ্মা সেতু অবরোধ করে আ. লীগ নেতাকর্মীদের বিক্ষোভ, শতাধিক ককটেল বিস্ফোরণ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

শরীয়তপুরের জাজিরায় নাওডোবা গোলচত্বর এলাকায় টায়ার জ্বালিয়ে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলের প্যান্ডেল, দুটি মার্কেট ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৫টার দিকে নাওডোবার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠেন বিক্ষোভকারীরা। পরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন তারা। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অবরোধের কারণে অন্তত দুই ঘণ্টা পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকে। এতে সেতু ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েন।

পরে সকাল পৌনে ৮টার দিকে বিক্ষোভকারীরা সরে গেলে এক্সপ্রেসওয়ের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, বিক্ষোভকারীরা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কোনো ধরনের প্রাণহানি যেন না ঘটে, সেদিকে লক্ষ রেখে পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। বর্তমানে পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com