শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Logo
×

এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

প্রথম সমাচার ডেস্ক ২০ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

দেশজুড়ে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। প্রথম দিনে বাংলা বিষয়ের মাধ্যমে পরীক্ষার সূচনা হবে এবং প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

পরীক্ষা শুরুর আগেই শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। এসব নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে বলা হয়েছে, যাতে পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসনে বসতে হবে। প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে এবং পরীক্ষা চলাকালে তা সঙ্গে রাখতে হবে।

পরীক্ষার ধরন অনুযায়ী, প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশ অনুষ্ঠিত হবে। এ দুই অংশের মাঝে কোনো বিরতি থাকবে না। এছাড়া ব্যবহারিক পরীক্ষাগুলো নিজ নিজ কেন্দ্রে সম্পন্ন হবে এবং সংশ্লিষ্ট নম্বর অনলাইনের মাধ্যমে বোর্ডে পাঠানো হবে।

উত্তরপত্র পূরণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে নির্ধারিত ঘর পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

আরও বলা হয়েছে, পরীক্ষায় অংশ নিতে হলে নিবন্ধনপত্রে উল্লিখিত বিষয়গুলোতেই অংশগ্রহণ করতে হবে। ভিন্ন কোনো বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। একই সঙ্গে সৃজনশীল, বহুনির্বাচনী এবং ব্যবহারিক—প্রতিটি অংশে পৃথকভাবে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনা বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ এটি ব্যবহার করতে পারবেন না। তবে বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকবে।

অন্যদিকে, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের নম্বর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে, যা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করবে।

পরীক্ষা শেষে ফল প্রকাশের সাত দিনের মধ্যে শিক্ষার্থীরা চাইলে অনলাইনের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত নির্দেশনা মেনে চললে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবে এবং সামগ্রিকভাবে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...